বৈদ্যুতিক পাখা খুলে মাথায় পড়ে আহত শিক্ষার্থী
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর মাথার ওপর বৈদ্যুতিক পাখা খুলে পড়ায় আহত হয়েছেন। গতকাল বুধবার মার্কেটিং বিভাগের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটেছে। আহত ইউসুফ আলী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে দুপুর ১২টার দিকে একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে ইউসুফের মাথায়। এ সময় তিনি চিৎকার দিয়ে বেঞ্চ থেকে মেঝেতে লুটিয়ে পড়েন। বৈদ্যুতিক পাখার আঘাতে তাঁর মাথা কেটে যায়। তাঁকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই সময় আমি নিজে ওই কক্ষে ছিলাম। এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। তবে আহত শিক্ষার্থী আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে অ্যাম্বুলেন্সে করে তাঁকে মেসে পাঠিয়ে দেওয়া হয়েছে।’