বৈদ্যুতিক পাখা নষ্ট, ভ্যাপসা গরমে রোগীরা অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈদ্যুতিক পাখা নষ্ট। ভ্যাপসা গরমে রোগীকে হাতপাখা দিয়ে বাতাস করছেন এক স্বজন। ছবিটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড থেকে গতকাল বিকেলে তোলা l ছবি: প্রথম আলো
বৈদ্যুতিক পাখা নষ্ট। ভ্যাপসা গরমে রোগীকে হাতপাখা দিয়ে বাতাস করছেন এক স্বজন। ছবিটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ড থেকে গতকাল বিকেলে তোলা l ছবি: প্রথম আলো

একের পর এক নষ্ট হয়ে যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বৈদ্যুতিক পাখা। সেগুলো মেরামতের জন্য গণপূর্ত বিভাগকে তালিকা দেওয়া হলেও কোনো সাড়া নেই। পাখা না থাকায় ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা।
হাসপাতালের উপপরিচালক তৌফিকুল ইসলাম মো. বেলাল বলেন, গত অর্থবছরে তাঁরা ২০০ নতুন পাখা লাগিয়েছেন। এবার আরও ২০০ পাখার তালিকা গণপূর্ত অধিদপ্তরে পাঠিয়েছেন। কিন্তু গণপূর্ত অধিদপ্তর বলেছে, তাদের তহবিল নেই।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) ময়নুল হক বলেন, হাসপাতালে অনেক পাখা। কেউ চালু করলে আর বন্ধ করে না। প্রতিদিনই কোনো না কোনো পাখা নষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে তা ঠিক করা যায় না। একটা আনুষ্ঠানিকতা করতে হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে রোগীদের দুর্ভোগের চিত্র দেখা যায়। ১৪ নম্বর ওয়ার্ডে ছয় দিন ধরে চিকিৎসাধীন আছেন নগরের তালাইমারী এলাকার আবদুস সালাম। তাঁর স্ত্রী তানজিলা খাতুন জানান, তাঁদের শয্যার ওপরের পাখাটি নষ্ট। কাউকে বলেও কোনো লাভ হচ্ছে না। বাধ্য হয়ে বাড়ি থেকে একটি টেবিল ফ্যান নিয়ে এসেছেন।
জানা যায়, এই ওয়ার্ডের ২৪টি বৈদ্যুতিক পাখার মধ্যে ছয়টিই নষ্ট। অন্যান্য ওয়ার্ডেরও একই অবস্থা।
হাসপাতালে চিকিৎসাধীন ইনতাজ আলীর (৭০) ছেলে তৌহিদুল ইসলাম বলেন, প্রচণ্ড গরমে তাঁর বাবা ছটফট করছেন। হাতপাখা কিনে অনবরত বাবাকে বাতাস করে যাচ্ছেন।