বৈদ্যুতিক বাতি জ্বলল চরাঞ্চলের তিন গ্রামে
ব্রহ্মপুত্র নদের কারণে গাইবান্ধা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ফুলছড়ি উপজেলার হরিচণ্ডি, ডাকাতিয়ারচর ও আলগারচর গ্রামে এত দিন রাতের চিত্র ছিল অন্য রকম। এ তিনটি গ্রামে গতকাল শুক্রবার থেকে বৈদ্যুতিক আলো জ্বলছে।
এত দিন ওই তিনটি গ্রামে হারিকেন কিংবা কুপির আলোই ছিল ভরসা। গতকাল বিকেলে সেখানে বাতি জ্বালিয়ে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। এ উপলক্ষে হরিচণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুধী সমাবেশ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামালপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আজিজুর রহমান। বক্তব্য দেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল গফুর মণ্ডল, এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
জামালপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, জামালপুর জেলা-সংলগ্ন এরেন্ডবাড়ি ইউনিয়নের ওই তিনটি গ্রামে প্রায় পাঁচ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন টানা হয়। এতে ব্যয় হয় প্রায় ৬০ লাখ টাকা। প্রথম পর্যায়ে ওই তিনটি গ্রামের ৭৪৩ জন গ্রাহককে আবাসিক, বাণিজ্যিক ও সেচ-সংযোগ দেওয়া হয়েছে।
সমাবেশে ফজলে রাব্বি মিয়া বলেন, ২০১৭ সালের মধ্যে ব্রহ্মপুত্র নদবেষ্টিত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফজলুপুর, ফুলছড়ি ও উড়িয়া ইউনিয়নের প্রতিটি চরে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।