বৈদ্যুতিক মিটার ও অবৈধ সংযোগ-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিদ্যুৎ বিভাগের (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি) একশ্রেণীর কর্মচারী মিটার ও অবৈধ সংযোগ দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে গ্রাহকদের সরলতার সুযোগ নিয়ে তাঁরা এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি নগরের হালিশহর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন এলাকায় এ রকম একটি চক্রের খোঁজ মিলেছে। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ হালিশহর বিদ্যুৎ বিতরণ শাখার সাধারণ সম্পাদক ও লাইনম্যান প্রবীর দাশ এবং এলডিএ পদে কর্মরত ফারুক আজম এ চক্রের অন্যতম বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রবীর দাশের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা হয়েছে।
জানা গেছে, লাইনম্যান ও এলডিএ পদের এই দুজন কর্মচারী গত বছরের শুরুর দিকে নির্বাহী প্রকৌশলীর ওপর প্রভাব খাটিয়ে একটি আদেশ জারির মাধ্যমে মিটার রিডারের অতিরিক্ত দায়িত্ব নেন। অথচ হালিশহর বিতরণ বিভাগে নির্ধারিত ছয়জন মিটার রিডার নিয়োজিত আছেন। অতিরিক্ত দায়িত্ব নিয়েই তাঁরা অবৈধ বাণিজ্য শুরু করেন। গত বছরের সেপ্টেম্বরে আদেশটি বাতিল হলেও তাঁদের দৌরাত্ম্য কমেনি।
এ ব্যাপারে হালিশহর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয়ে কোনো গ্রাহকের কাছ থেকে লিখিত কিংবা মৌখিকভাবেও কোনো অভিযোগ পাইনি। পেলে সে হিসেবে ব্যবস্থা নিতাম।’
পিডিবি সূত্রে জানা যায়, হালিশহর বিতরণ বিভাগে বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা প্রায় ৫৬ হাজার। এসব গ্রাহকের একটি অংশ প্রবীর ও ফারুকের সঙ্গে যোগসাজশ করে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের বিদ্যুৎ বিল প্রদান করে আসছিলেন দীর্ঘদিন। এদিকে, অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিলের চাপ কমাতে কিছু গ্রাহক তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। তখন তাঁরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই পুরোনো মিটার পাল্টে নতুন মিটার সংযোগ দিয়ে টাকাপয়সা হাতিয়ে নেন। কেউ তা দিতে ব্যর্থ হলে ভ্রাম্যমাণ আদালতে খবর দিয়ে জরিমানা ও মামলায় জড়িয়ে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, হালিশহর বিতরণ বিভাগের আওতায় ফ্রিপোর্ট, সিমেন্ট ক্রসিং, সল্টগোলা ক্রসিং, বন্দর টিলা, কলসিদীঘির পাড়, খেজুরপাড়া, নারকেলতলা প্রভৃতি এলাকার বিপুল গ্রাহক এঁদের ফাঁদে পা দিয়ে সংযোগ হারিয়ে ও মামলায় জড়িয়ে এখন দিশেহারা।
বন্দরটিলার কসাইগলি এলাকার বাড়ির মালিক বদিউজ্জামানের অভিযোগ, ‘লাইনম্যান প্রবীর এবং হালিশহর বিদ্যুৎ অফিসের কর্মচারী ফারুক আজমকে আমি দুটি মিটারের জন্য ১০ হাজার টাকা দিয়েছি। তাঁরা আমাকে মিটার এনে দিলেও কোনো কাগজপত্র দেননি। কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত আমার সংযোগ বিচ্ছিন্ন করে দেন।’
ফ্রিপোর্ট ধুমপাড়া এলাকার রিকশার গ্যারেজ মালিক মোহাম্মদ মহসিন বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে দুই হাজার টাকা করে দিতেন পিডিবির কর্মচারী তারেক ও প্রবীরকে। এক মাসে তাঁদের টাকা দিতে দেরি হওয়ায় ম্যাজিস্ট্রেটকে জানিয়ে অভিযানের ব্যবস্থা করেন। গত ৮ ডিসেম্বর অভিযানের পর তাঁর কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা দাবি করা হয়। এ ব্যাপারে একটি মামলাও চলছে এখনো।
অভিযোগকারীর তালিকায় রয়েছেন এঁদের মতো আরও অনেকেই। অবৈধ সংযোগের খেসারত দিতে গিয়ে এখন তাঁরা মামলায় জড়িয়ে ভোগান্তি পোহাচ্ছেন।
চট্টগ্রাম (দক্ষিণ) বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ হাসান বলেন, ‘গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে লাইনম্যান প্রবীর দাশের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কিন্তু আইনি সীমাবদ্ধতার কারণে আমরা সব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না। এ ক্ষেত্রে বিভাগীয় তৎপরতা জোরদার করা দরকার।’ অভিযোগ সম্পর্কে জানতে প্রবীর দাশের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ ফোন তোলেননি।
ফারুক আজম বলেন, ‘আমি একসময় মিটার রিডারের কাজ করলেও পরে তা স্বেচ্ছায় ছেড়ে দিয়েছি। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। আমরা মানুষের সেবা দিতে কাজ করছি। কাউকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য নয়।’