বৈদ্যুতিক মিটার বিস্ফোরণ, আগুনে ৪০ ঘর পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুরে বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে আগুন লেগে ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গ্রামের ফিরাজুল ইসলামের বাড়ির বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। বেলা ১১টার দিকে হঠাৎ ওই মিটার বিস্ফোরিত হয়ে ওই ব্যক্তির কাঁচা ঘরবাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরে। আগুনে গ্রামের ১১টি পরিবারের ৪০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আকবর আলী নামের ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বলেন, ঘরে আগুন ছড়িয়ে পড়লে তাঁর একটি মোটরসাইকেল, টেলিভিশনসহ পুরো ঘর পুড়ে যায়। একইভাবে অগ্নিকাণ্ডে ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, নগদ টাকা, চাল-ডালসহ ১১টি পরিবারের অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।
সরেজমিনে দেখা যায়, গ্রামটির অধিকাংশ ঘরবাড়িই কাঁচা। এর ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে সৈয়দপুর ও রংপুরের তারাগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করেছে।
সৈয়দপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহবুবুল হাসান বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও তা কোটি টাকা ছাড়াবে। সৈয়দপুর ও তারাগঞ্জের দুটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, ক্ষয়ক্ষতি অনেক। বিস্ফরণের কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করছে। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত লোকজনকে সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।