বৈধ কমিটির সন্ধানে নেতা-কর্মী-সমর্থকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নেতারা রায়পুর উপজেলা ছাত্রলীগের দুটি ও পৌর ছাত্রলীগের দুটি আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন। এই অবস্থায় কোনটি বৈধ কমিটি তা নিয়ে নেতা, কর্মী ও সমর্থকেরা বিপাকে পড়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ১৬ এপ্রিল এ বি এম বারাকত বিন জাকারিয়াকে আহ্বায়ক করে উপজেলা ছাত্রলীগের চার সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। একই দিন ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাশেদুল ইসলামের নাম অন্তর্ভুক্ত করা হয়। পর দিন আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে চার সদস্যের অপর কমিটির অনুমোদন দেওয়া হয়। এদিকে ১৬ এপ্রিল রিয়াজ উদ্দিন ভুঁইয়াকে আহ্বায়ক করে পৌর ছাত্রলীগের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগ। পরদিন মহিউদ্দিন ওরফে বিপুকে আহ্বায়ক করে আরেকটি পাঁচ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী অভিযোগ করেন, টাকার বিনিময়ে ছাত্রলীগের এসব কমিটিকে জেলা থেকে অনুমোদন দেওয়া হয়। বেশি টাকা পেলে কমিটি বা নাম পরিবর্তন করা তাঁদের কাছে কোনো বিষয় নয়। অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জামান বলেন, ১৭ এপ্রিল রায়পুর উপজেলা ছাত্রলীগের কোনো কমিটির অনুমোদন দেওয়া হয়নি। যাঁরা কমিটি থেকে বাদ পড়েছেন, তাঁরা জালিয়াতি করে ভুয়া কমিটি করেছেন। জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল আল মামুন মুঠোফোনে বলেন, ‘পৌর ও উপজেলায় একটি করে কমিটি দিয়েছি। কম্পিউটারে স্বাক্ষর জাল করে বাকি কমিটিগুলো করা হয়।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইসমাইল খোকন বলেন, একাধিক কমিটির কারণে দলে হ-য-ব-র-ল সৃষ্টি হয়েছে।’