বৈধ কলেজে ভর্তির পরামর্শ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে কিছু কলেজ শিক্ষাবাণিজ্য শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। ব্যবসায়িক উদ্দেশ্যে গড়ে ওঠা কলেজগুলো শিক্ষার্থী টানতে চটকদার বিজ্ঞাপনে নানা ধরনের অফার দিচ্ছে। অভিযোগ রয়েছে, এ জাতীয় কলেজগুলো প্রথমে নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে শিক্ষার্থী ভর্তি করিয়ে পরে নানা ছুঁতোয় তাদের কাছ থেকে ফি আদায় করে থাকে।শিক্ষা মন্ত্রণালয় গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধতা যাচাই করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। কেবল নির্দিষ্ট কোডধারী ও পাঠদানের অনুমতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কিছু নামসর্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠান পত্রিকাসহ বিভিন্ন প্রচারমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রলুব্ধ করছে, যা বড় ধরনের প্রতারণা। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের কাজে লিপ্ত রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে মন্ত্রণালয়।সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১১-১২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে তথ্য জানতে ওয়েবসাইট-www.dhakaeducationboard.gov.bd এবং ৮৬২৫৭৩৪ ও ৮৬২৫৭৪১ টেলিফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।