বৈধ কাগজপত্র না থাকায় ফেরত গেলেন পাকিস্তানি নারী
বৈধ কাগজপত্র না থাকায় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাংলাদেশে ঢোকার অনুমতি দেয়নি ইমিগ্রেশন পুলিশ। এক দিন অবস্থানের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল সোমবার তাঁকে দেশে ফেরত পাঠানো হয়।
ইমিগ্রেশন পুলিশ জানায়, ওই কর্মকর্তার নাম আসমা খালিদ। তিনি স্টেট ব্যাংক অব পাকিস্তানের জ্যেষ্ঠ যুগ্ম পরিচালক (সিনিয়র জয়েন্ট ডিরেক্টর)।
বিমানবন্দর-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের ইসলামাবাদ থেকে কাতার এয়ারলাইনসে করে গত রোববার বিকেলে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আসমা খালিদ। পাসপোর্টে বাংলাদেশের ভিসা না থাকায় বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে আটকে দেন। এরপর প্রায় ২২ ঘণ্টা তিনি বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে অবস্থান করেন।
ইমিগ্রেশন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি সেমিনারের আমন্ত্রণ পেয়ে ঢাকায় আসেন আসমা খালিদ। এ কারণে তিনি হয়তো ভেবেছিলেন, খুব সহজেই অন অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে। কিন্তু পাকিস্তানের নাগরিকদের জন্য বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিধান নেই। এ কারণে তাঁকে প্রবেশাধিবার দেওয়া হয়নি। পরে গতকাল বেলা দেড়টার দিকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি দেশে ফিরে যান।