
বৈধ কাগজপত্র নিয়ে মালয়েশিয়ায় গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন বাংলাদেশিরা। কুয়ালালামপুর বিমানবন্দরের আটক কেন্দ্রে রেখে তাঁদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। কী কারণে তাঁরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না, এই প্রশ্নেরও জবাব দিচ্ছে না সে দেশের কর্তৃপক্ষ।
মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান গতকাল শনিবার গুলশানের অধিকার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ২০ জুলাই আদিলুর রহমান একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় যান। ভিসা নিয়ে সেখানে যাওয়ার পর মালয়েশীয় অভিবাসন কর্তৃপক্ষ তাঁকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের আটক কেন্দ্রে (ডিটেনশন সেন্টার) রাখে। আদিলুর রহমান বলেন, ওই কারাগারে আনুমানিক ৬০ জন ছিলেন, তাঁদের ৩০ জনেরও বেশি বাংলাদেশি। তিনি আরও বলেন, আগে আরও অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা লজ্জায় বা অন্য কোনো কারণে এ নিয়ে মুখ খোলেননি।
আদিলুর সংবাদ সম্মেলনে বলেন, কুয়ালালামপুরের ওই আটক কেন্দ্রটি একটি বেসরকারি সংস্থা চালায়। সেখানে বিনা মূল্যে পানি ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা নেই। যাঁরা কিছুটা অবস্থাপন্ন তাঁরা খাবার কিনে ভাগ করে খান। সেখান থেকে বাইরে যোগাযোগের সুযোগও কম। আদিলুর বলেন, তাঁকে ওই কেন্দ্রে নেওয়ার পর তাঁর কাছ থেকে মুঠোফোন ও ল্যাপটপ সরিয়ে নেওয়া হয়। পরে ১০০ মার্কিন ডলারের বিনিময়ে তাঁকে দুটি বিস্কুট, এক বোতল পানি, একটি টুথব্রাশ, টুথপেস্ট ও সাবান দেওয়া হয়।
মালয়েশিয়ায় আদিলুর রহমান খানকে কেন আটকে রেখে বাংলাদেশে ফেরত পাঠানো হলো সে সম্পর্কে তিনি এখনো জানেন না বলে উল্লেখ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশীয় কর্তৃপক্ষ এ বিষয়ে তাঁকে কিছু জানায়নি। পুরো ঘটনা মালয়েশিয়ার জাতীয় মানবাধিকার কমিশন খতিয়ে দেখছে। তিনি শুধু জানতে পেরেছেন, ‘উচ্চ পর্যায়ে’র নির্দেশে তাঁকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
অধিকার সম্পাদক ২০ জুলাই ভোররাত চারটায় ঢাকা থেকে মালয়েশিয়ায় যান। সেখানে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর তাঁকে আর ঢুকতে দেওয়া হয়নি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মৃত্যুদণ্ড রহিত করা নিয়ে একটি সম্মেলনে যোগ দিতে তিনি মালয়েশিয়ায় যান।
অধিকারের সভাপতি সি আর আবরার বলেন, বৈধ কাগজপত্র নিয়ে মালয়েশিয়ায় যাওয়ার পর কেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, সে সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খেঁজখবর করা প্রয়োজন।