বৈধ গুলির অবৈধ ব্যবহার
চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম চাম্বল ইউনিয়নের সিদ্দিক আহমেদ সওদাগর (৬৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্রের গুলি সরবরাহের অভিযোগ উঠেছে। তিনি নিজের লাইসেন্স করা বন্দুকের বিপরীতে ডিলারদের থেকে গুলি কিনে দ্বিগুণ দামে ডাকাতদের কাছে বিক্রি করতেন। আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও তিনি বিষয়টি স্বীকার করেন। পুলিশ সূত্র জানায়, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা এলাকায় একটি বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার জাকির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। জাকিরের টেলিফোন পেয়ে ১১ এপ্রিল বিকেলে গুলি তুলতে বাঁশখালী থেকে চট্টগ্রাম নগরের টেরিবাজারের অস্ত্র ও গুলি বিক্রির দোকানের কাছাকাছি এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়ি থেকে লাইসেন্স করা বন্দুক ও সাতটি তাজা গুলি (কার্তুজ) উদ্ধার করে পুলিশ।এর দুই দিন আগে ৯ এপ্রিল জেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাতির অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ইলিয়াস (২০), মোহাম্মদ আমিন (৩৫), রেজাউল করিম (৩২) ও বজল আহমদ (৪২)। তাঁদের মধ্যে আমিন সীতাকুণ্ডের ফৌজদারহাটের আবদুল্লাহঘাটা জামে মসজিদের মোয়াজ্জিন বলে জানা গেছে।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বাবুল আকতার প্রথম আলোকে বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত সরদার খলিলের অন্যতম সহযোগী এই জাকির। খলিল ছাড়াও তিনি রাঙ্গুনিয়ার তৈয়ব ও বাঁশখালীর রহিমের সঙ্গে বেশ কয়েকটি ডাকাতিতে অংশ নেন। তৈয়ব গত ১২ মার্চ র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হন। আদালত সূত্র জানায়, সিদ্দিক ১৩ এপ্রিল বিকেলে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম কেশব রায় চৌধুরীর কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তিনি বৈধ অস্ত্রের লাইসেন্স দেখিয়ে ডিলারদের কাছ থেকে গুলি কিনে ডাকাতদের কাছে বিক্রির বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এক প্যাকেটের ২৫টি গুলির দাম সাড়ে সাত হাজার টাকা। ওই গুলির প্যাকেট ডাকাতদের কাছে ১৫-১৬ হাজার টাকায় বিক্রি করা যায়। খলিল ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার পর তিনি ডাকাতদের গুলি সরবরাহ কমিয়ে দেন। একই দিনে জাকিরও একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তিনি সিদ্দিকের কাছ থেকে গুলি কেনার কথা বলেন।এর আগে একটি ডাকাতির ঘটনায় গ্রেপ্তার মো. ইউসুফ ১১ এপ্রিল একই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে সিদ্দিকের কাছ থেকে গুলি কেনার কথা জানান। এসব কারণে পুলিশ ধারণা করছে, সিদ্দিক দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্সে তোলা বন্দুকের গুলি ডাকাতদের কাছে বিক্রি করছেন। জেলা পুলিশ সূত্র জানায়, বৈধ বন্দুকের লাইসেন্সে তোলা গুলি ব্যবহারের পর নিকটস্থ থানায় হিসাব দিতে হয়। কিন্তু সিদ্দিক কখনো তাঁর ব্যবহূত গুলির হিসাব বাঁশখালী থানায় জমা দেননি। নিয়ম অনুযায়ী পুলিশের মাঝেমধ্যে লাইসেন্সধারী বন্দুকের মালিকদের বাসায় আকস্মিকভাবে গিয়ে অস্ত্র ও গুলি তল্লাশি করার নিয়ম আছে। কিন্তু পুলিশ কখনো তাঁর বাড়িতে তল্লাশি চালায়নি।সিদ্দিকের বন্দুকের লাইসেন্স পরীক্ষা করে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ—এ তিন মাসে তিনি দুই দফায় ৫০টি গুলি তোলেন। এর আগেও দেড় থেকে দুই মাস অন্তর তাঁর বন্দুকের বিপরীতে এক প্যাকেট করে গুলি তোলার প্রমাণ পাওয়া গেছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, ‘গুলি ব্যবহারের পর থানায় হিসাব দেওয়ার নিয়ম থাকলেও এখানে কেউ তা মানে না।