বৈধ ছাত্রদের আশঙ্কা আবার কক্ষে ফিরবেন ছাত্রলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের বিভিন্ন কক্ষে জোর করে ওঠা ছাত্রলীগের কর্মীরা এখন ওই সব কক্ষে থাকছেন না। তবে তাঁদের অনেকের কাঁথা-বালিশ বিভিন্ন কক্ষে রয়ে গেছে। কক্ষগুলোর বৈধ ছাত্ররা আবাসিক শিক্ষকদের কাছে বলেছেন, তাঁদের আশঙ্কা, পরিস্থিতি শান্ত হলে ছাত্রলীগের কর্মীরা আবার কক্ষগুলোতে ফিরে আসবেন।
প্রশাসনের কাছ থেকে হলে ছাত্র ওঠানোর নিয়ন্ত্রণ নিতে গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত তুলকালাম বাধান ছাত্রলীগের নেতা-কর্মীরা। হলের বিভিন্ন রুমে ছাত্রলীগের হল শাখার কর্মীরা জোর করে উঠে পড়েন। ঘটনার পর গত মঙ্গলবার রাতে হলের আবাসিক শিক্ষকেরা কক্ষগুলো পরিদর্শন করেন।
চারজন আবাসিক শিক্ষক প্রথম আলোকে বলেন, তাঁরা পরিদর্শনের সময় কক্ষগুলোতে সবাইকে পাননি। তবে বেশ কয়েকটি কক্ষে কাঁথা-বালিশ পাওয়া গেছে। তাঁরা বলেন, ওই কক্ষগুলোর বৈধ ছাত্ররা শিক্ষকদের কাছে অভিযোগ করেছেন, মঙ্গলবার ভোরে ছাত্ররা তাঁদের কক্ষে এসে এসব রেখে গেছেন। তাঁরা নতুন কোনো সদস্যকে কক্ষে রাখতে না চাইলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন। তাঁদের আশঙ্কা, পরিস্থিতি শান্ত হলে ওই ছাত্ররা আবার ফিরে আসবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আবাসিক শিক্ষক বলেন, ‘আমি ২০টি কক্ষে গিয়েছি। এর মধ্যে সাতটি কক্ষে অতিরিক্ত কাঁথা-বালিশ পেয়েছি। ছাত্ররা বলেছেন, এগুলো ছাত্রলীগকর্মীরা রেখে গেছেন।’
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আ জ ম শফিউল আলম ভূইয়া প্রথম আলোকে বলেন, হল পরিদর্শনে কক্ষগুলোতে অনুমতি ছাড়া ছয়-সাতজনের বেশি পাওয়া যায়নি। তাঁদের সবাইকে আবার গণরুমে ফেরত পাঠানো হয়েছে।
ছাত্রলীগের বহিষ্কার, একজন বললেন তিনি ছাত্রলীগ করেন না
এই ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে পাঁচজন ‘ছাত্রলীগ কর্মীকে’ বহিষ্কারের কথা জানানো হয়। এই পাঁচজনের মধ্যে একজন মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাজমুস সাকিব দাবি করছেন, তিনি কোনো দিন ছাত্রলীগ করেননি। তিনি বৈধভাবে হলের যমুনা ব্লকের একটি কক্ষে থাকেন। তবে ঘটনার দিন তিনি হলে ছিলেন না। বহিষ্কৃত অপর চারজন হলেন মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তুনান শেখ ও সজীব, উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের সালাউদ্দিন ও মাহফুজ আহমেদ। তাঁদের কারও ছাত্রলীগে কোনো পদ নেই।
সাংবাদিক সমিতির বিবৃতি
ঘটনার দিন বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইমরান হোসাইনকে ‘পরিকল্পিতভাবে’ মারধরের ঘটনায় বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদ এক বিবৃতিতে এ দাবি জানান।