শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের তিনটি আবাসিক হলে ৪২৩ জন শিক্ষার্থী অবৈধভাবে বসবাস করতেন। আর বৈধভাবে থাকতেন ৬২০ জন। বৈধ শিক্ষার্থীদের হলে তুলে দিয়ে অবৈধভাবে থাকা শিক্ষার্থীদের আবাসিক আসন গতকাল রোববার শূন্য ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ।
আধিপত্য বিস্তার নিয়ে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সংঘর্ষ এড়াতে বুধবার সকালে জরুরি সিন্ডিকেট সভা করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক হলগুলো ও ক্লাস-পরীক্ষা ৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার সকালে আবার জরুরি সিন্ডিকেট সভা ডেকে ওই দিন থেকে ক্লাস-পরীক্ষা চালু করা হয়। তবে ছাত্রদের আবাসিক হলগুলো গতকাল থেকে বৈধ ছাত্রদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
গতকাল সকালে আবাসিক হলগুলোতে গিয়ে দেখা গেছে, বৈধ ছাত্রদের হলে তুলে নিচ্ছে হল প্রশাসন। সকাল ১০টার দিকে শাহপরান হলে বৈধ শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে হলে তুলে দেওয়া শুরু হয়। এরপর অন্য দুই হলে গিয়েও একই চিত্র দেখা গেছে।
হল প্রশাসন সূত্রে জানা গেছে, শাহপরান হলে ৪৫০ আসনের বিপরীতে ৯৮ জন শিক্ষার্থী হলে অবৈধভাবে থাকতেন। বঙ্গবন্ধু হলে ৫২৮ আসনের বিপরীতে ২৯৩ জন অবৈধভাবে থাকতেন। আর সৈয়দ মুজতবা আলী হলে ৬৫ আসনের মধ্যে ৩২ জন অবৈধভাবে ছিলেন। অবশ্য বৈধ শিক্ষার্থীদের অধিকাংশেরই ৩১ ডিসেম্বর পর্যন্ত হলে থাকার মেয়াদ আছে। এরপর পুনরায় ভর্তি না হলে তাঁরাও অবৈধ বলে গণ্য হবেন। হলে অবৈধভাবে থাকা শিক্ষার্থীদের প্রায় সবাই ছাত্রলীগের নেতা-কর্মী বা ছাত্রলীগের বিভিন্ন পক্ষের হয়ে হলে উঠেছেন। হল প্রশাসন বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তাঁরা ভর্তি হননি।
শাহপরান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ শাহেদুল হোসেন প্রথম আলোকে বলেন, রোববার সকাল থেকে বৈধ শিক্ষার্থীদের হলে তোলা শুরু হয়েছে। অবৈধভাবে থাকা শিক্ষার্থীদের আসন শূন্য ঘোষণা করা হয়েছে।