বৈধ পিস্তল, ‘মিথ্যাচার’ নেতা কারাগারে
যশোর বিমানবন্দরে হঠাৎ বিকট শব্দ। আতঙ্কিত মানুষ। কিছুক্ষণ স্তব্ধ। পরে জানা গেল, এটি পিস্তলের গুলির আওয়াজ। তবে কেউ হতাহত হয়নি।গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পিস্তলটির বৈধ মালিক মফিকুল হাসান ওরফে তৃপ্তি। তিনি বিএনপির কেন্দ্রীয় (বহিষ্কৃত) দপ্তর সম্পাদক।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিকুল হাসান ঘোষণা না দিয়ে পিস্তল রাখার সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরে পুলিশ মফিকুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, মফিকুল হাসান সস্ত্রীক ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। তিনি ইউনাইটেড এয়ারওয়েজ বিমানের টিকিট কাটেন। কাউন্টারে তল্লাশির সময় তাঁর লাগেজে (ব্যাগে) পিস্তল পাওয়া যায়। তবে এটি বৈধ। এ সময় ওই বিমান সংস্থার ব্যবস্থাপক মাহমুদুর রহমান পিস্তলে গুলি ভরা কি না, তা যাচাই করেন। তিনি পিস্তলটি মাটির দিকে তাক করে ট্রিগার চাপেন। মুহূর্তেই বিকট শব্দে পিস্তল থেকে গুলি বের হয়। এ সময় বিমানবন্দরের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) কক্ষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ ও খুলনার ডুমুরিয়া আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বিমানের জন্য অপেক্ষা করছিলেন।ব্যবস্থাপক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, সঙ্গে পিস্তল রাখার কথা মফিকুল আগে জানাননি। গুলি ভরা কি না জানতে চাইলে তিনি ‘না’ বলেন। সত্যতা যাচাইয়ের জন্য পিস্তলের ট্রিগার চাপতেই গুলি বের হয়।তবে মফিকুলের ভাই আইনজীবী আরিফুল ইসলাম বলেন, ‘বিমান উড্ডয়নের সময় ঘনিয়ে আসায় তাড়াহুড়া করে আমার ভাইয়ের লাগেজ খোলা হয়। এবং পিস্তল থেকে গুলি বের করার আগেই কর্মকর্তারা সেটি নিয়ে নেন।’ ইউনাইটেড এয়ারওয়েজ সূত্রে জানা গেছে, কারও সঙ্গে কোনো অস্ত্র থাকলে তল্লাশির সময় তা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নিয়ম। পরে আগ্নেয়াস্ত্রের নম্বর, ধরন, গুলির সংখ্যাসহ যাবতীয় তথ্য লিপিবদ্ধ করা হয় এবং গুলি ও আগ্নেয়াস্ত্র পৃথক খামে ভরে একটি বাক্সে ঢুকিয়ে বিমানের দায়িত্বশীল কর্মকর্তার কাছে জমা রাখা হয়। গন্তব্যে পৌঁছার পর অস্ত্র ও গুলি মালিককে ফেরত দেওয়া হয়।যশোরের সহকারী পুলিশ সুপার (‘ক’ সার্কেল) এস এম শফিউল্লাহ প্রথম আলোকে জানান, নিয়ম অনুযায়ী মফিকুল বছরে ১০০টি পিস্তলের গুলি কিনতে পারেন। এ বছর এরই মধ্যে তিনি ৫০টি গুলি কিনেছেন। কিন্তু তাঁর কাছে পাওয়া গেছে ৪৭টি গুলি। অন্য তিনটি গুলি কী করেছেন জানতে চাইলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। তাই তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত মফিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।