
কল্যাণপুর পোড়া বস্তিতে এক বছর ধরে বিদ্যুতের বৈধ সংযোগ বন্ধ রেখেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এ সুযোগে ডেসকোর কিছু অসাধু কর্মচারী ও বস্তির কয়েকজন বাসিন্দা মিলে অবৈধ বিদ্যুৎ-সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। ডেসকো বলছে, পোড়া বস্তির জমির মালিক হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের অনুরোধে সংযোগ বন্ধ রাখা হয়েছে।
পোড়া বস্তিতে ২০১৬ সালের ২১ জানুয়ারি উচ্ছেদ অভিযান চালায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) কর্তৃপক্ষ। এইচবিআরআইয়ের অনুরোধে ওই দিন থেকে বস্তির বৈধ বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেয় ডেসকো কর্তৃপক্ষ। গত এক বছরে বস্তির বাসিন্দারা একাধিকবার যোগাযোগ করলেও ডেসকো পুনরায় সংযোগ দেয়নি।
এ বিষয়ে ডেসকোর আগারগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নাসিরউদ্দিন প্রথম আলোকে বলেন, এইচবিআরআই তাদের জমিতে গড়ে ওঠা বস্তিতে বিদ্যুৎ-সংযোগ না দিতে অনুরোধ জানানোয় ডেসকো সংযোগ বন্ধ রেখেছে। উচ্ছেদের পরের কয়েক মাস বিল না দেওয়ায় বস্তির বৈধ সংযোগগুলো থেকে ডেসকোর কয়েক লাখ টাকা পাওনা হয়েছে। এইচবিআরআইয়ের আপত্তি না থাকলে ডেসকোর পুনরায় সংযোগ দিতে সমস্যা নেই।
বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের ২১ জানুয়ারি উচ্ছেদের আগে পোড়া বস্তিতে ডেসকোর বৈধ মিটার ছিল। বস্তিবাসীরা বিদ্যুতের বিল নিয়মিত পরিশোধ করতেন। বৈধ সংযোগে একটি পরিবারের ২০০-২৫০ টাকা বিদ্যুৎ বিল দিতে হতো।
সংযোগ বন্ধ করে দেওয়ার পরে একাধিকবার ডেসকোর আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করেন বস্তির কমিউনিটি বেসড অর্গানাইজেশনের (সিবিও) নেতারা। পুনরায় সংযোগ দিতে প্রয়োজনীয় কাগজপত্র, নতুন তারের জন্য অর্থ ডেসকোতে জমা দেন বস্তির নেতারা। ডেসকো কর্তৃপক্ষ সংযোগ দিতে কোনো উদ্যোগ নেয়নি।
বস্তির একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, হাইকোর্ট বস্তি উচ্ছেদে স্থগিতাদেশ দেওয়ার পরও ডেসকো কর্তৃপক্ষ পুনরায় সংযোগ দিচ্ছে না। অবৈধ সংযোগ নেওয়ায় একদিকে বস্তির লোকজনকে বেশি টাকা দিতে হচ্ছে, আবার সরকারও কয়েক লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।
বৈধ সংযোগ বন্ধ থাকার সুযোগে ডেসকোর কিছু অসাধু কর্মচারী ও বস্তির কয়েকজন বাসিন্দা মিলে বস্তিতে অবৈধ সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বস্তির ভেতরে বেলতলি মাঠের পাশের একটি এবং কল্যাণপুর প্রধান সড়কের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে এসব অবৈধ সংযোগ দিয়েছে একটি চক্র। যেখানে ডেসকোর কর্মচারীদের সঙ্গে বস্তির কিছু নেতা জড়িত।
কল্যাণপুর পোড়া বস্তির সিবিওর হিসাবে, বস্তিতে দুই হাজারের বেশি ঘর রয়েছে। চক্রটি বিদ্যুৎ-সংযোগ বাবদ প্রতি ঘর থেকে মাসিক ২৫০-৩০০ টাকা আদায় করছে। সে হিসাবে প্রতি মাসে চক্রটি হাতিয়ে নিচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকা।
ডেসকোর কর্মচারীরা অবৈধ সংযোগ দিচ্ছেন—এমন অভিযোগের জবাবে নির্বাহী প্রকৌশলী মো. নাসিরউদ্দিন বলেন, অবৈধ সংযোগ বন্ধ করতে প্রায়ই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। ডেসকোর কোনো কর্মচারী জড়িত চিহ্নিত হলে অবশ্যই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখার বিষয়ে এইচবিআরআইয়ের সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কল্যাণপুর পোড়া বস্তিতে উচ্ছেদের সময় ডেসকোকে বিদ্যুৎ-সংযোগ বন্ধ রাখতে বলা হয়েছিল। পরে সংযোগগুলোর কী অবস্থা, তা এইচবিআরআই কর্তৃপক্ষ নিশ্চিত নয়। তবে কল্যাণপুর পোড়া বস্তি এলাকায় থাকা এইচবিআরআইয়ের সংযোগ থেকে অবৈধ সংযোগ নেওয়া হয়। সেসব অবৈধ সংযোগের বিলও এইচবিআরআইকে পরিশোধ করতে হয়। এসব অবৈধ সংযোগ বন্ধ করতে ডেসকোকে অনুরোধ করা হয়।
এইচবিআরআই একাধিকবার কল্যাণপুর বস্তি উচ্ছেদের উদ্যোগ নেয়। ২০০৩ সালে বস্তি উচ্ছেদের উদ্যোগ নিলে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং ওই বস্তির দুজন বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট উচ্ছেদ কার্যক্রমের ওপর স্থিতাবস্থা দিয়ে রুল দেন। ২০০৬ সালে আবার উচ্ছেদ চালানোর জন্য চিঠি দিলে আসক আবার হাইকোর্টে যায়। আদালত এবার উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। পরে হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়ান। ২০১৬ সালে আবারও উচ্ছেদের উদ্যোগ নিলে আসক সম্পূরক আবেদন করে। তার ভিত্তিতে হাইকোর্ট উচ্ছেদে নিষেধাজ্ঞা দেন।