
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সরকারের উদ্দেশে বলেছেন, ‘আজকের (গতকাল) পর আপনাদের বৈধতা চলে গেছে, আপনারা অবৈধ সরকার। কাজেই অবৈধ সরকারের বিরুদ্ধে নাগরিক দায়িত্ব হিসেবে আমরা আন্দোলন করব।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ‘মহাসমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এসব কথা বলেন। চাকরি জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
নির্বাচনকালীন সরকার নিয়ে নিজের দেওয়া প্রস্তাবের কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘তারা বলেছিল ফর্মুলা দেওয়ার জন্য। যা বলা হয়েছে, তা-ই করা হয়েছে। এখন বল আপনাদের (সরকার) কোর্টে। এখন যা করার আপনাদের করতে হবে। আর যেটা
বলেছি, সেটা সংবিধানসম্মতভাবেই করা সম্ভব। কারণ, তাদের (উপদেষ্টা) নির্বাচিত করে নির্বাচনকালীন সরকার করা সম্ভব।’
খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশে এখনো শিক্ষিত, নিরপেক্ষ লোক আছেন। তাঁদের নিয়ে একটা নিরপেক্ষ-নির্দলীয় সরকার হতে পারে। তাঁদের অধীনে নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকার করা যেতে পারে। তবে আপনাদেরও বাদ দেব না।’
বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না বলে আবারও মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আপনারা চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। বাকশাল করেছিলেন ক্ষমতা চিরস্থায়ী করার জন্য। থাকতে পারেন নাই। সংবিধান থেকে নড়বেন না বলছেন, এই সংবিধানের আলোকে নির্বাচন করবেন, আবার ক্ষমতায় আসবেন—এই চিন্তা ছেড়ে দিন। কারণ, আপনাদের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।’
শিক্ষকদের দাবির বিষয়ে খালেদা জিয়া বলেন, ‘এখন আশ্বাসের সময় নয়, এখন সময় আমাদের সহযোগিতা করার। ১৮-দলীয় জোট ক্ষমতায় আসলে শিক্ষক, চিকিৎসকসহ সকলের সমস্যা দূর করে জনগণের কল্যাণ করা হবে। সরকারের এক নম্বর অগ্রাধিকার হবে শিক্ষা। জাতীয়করণসহ শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তখন।’
শিক্ষকদের উদ্দেশে বিএনপির নেত্রী বলেন, এখন সবচেয়ে বেশি প্রয়োজন এই দুর্নীতিবাজ ও অত্যাচারী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে দেশকে রক্ষা করা।
বিকেল সোয়া পাঁচটায় শুরু করে ১৩ মিনিটের বক্তৃতায় খালেদা জিয়া সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের ওপর জুলুম নির্যাতন-অত্যাচার করে যাচ্ছে। এই সরকার নিজেদের গণতান্ত্রিক সরকার বলে দাবি করে। কিন্তু তারা গণতন্ত্রের মৌলিক বিষয় সভা-সমাবেশের অধিকার কেড়ে নিয়েছে। নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, নির্যাতন করে পঙ্গু করে দিচ্ছে। এর নাম কি গণতান্ত্রিক সরকার? প্রতি পদে পদে তারা মানবাধিকার লঙ্ঘন করছে। এই সরকার দেশের মানুষের সরকার নয়, শুধু আওয়ামী লীগের সরকার।
শেয়ারবাজার ও হল-মার্ক কেলেঙ্কারি করে টাকা লুটপাট, পদ্মা সেতু দুর্নীতিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির চিত্র তুলে ধরে বিএনপির নেত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ শতভাগ এগোবে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাল শুক্রবার সমাবেশ করার কথা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘ধানাইপানাই না করে অবিলম্বে মিটিং করার পারমিশন দেবেন। সমাবেশে বাধা সৃষ্টি করবেন না। যদি বাধা সৃষ্টি করতে চান, তাহলে দায়দায়িত্ব আপনাদেরই নিতে হবে।’
খালেদা জিয়া যখন এ বক্তব্য দিচ্ছিলেন, সেই মুহূর্তে বিএনপিকে শুক্রবার বেলা দুইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বিএনপির নেতা বরকত উল্লা, আমান উল্লাহ আমান, আ ন ম এহছানুল হক, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, কামাল উদ্দিনসহ শিক্ষক ও পেশাজীবী নেতারা।
আয়োজকদের প্রতি ক্ষোভ: একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সমাবেশে লোক কম হওয়ায় ও প্রেসক্লাবের মতো ছোট জায়গায় এ ধরনের সমাবেশ করায় খালেদা জিয়া আয়োজক সেলিম ভুঁইয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত কয়েকজন বিএনপির নেতা বলেছেন, ‘দুই লাখ’ শিক্ষক-কর্মচারী উপস্থিত করা হবে বলা হলেও কার্যত সমাবেশে উপস্থিতি ছিল খুবই কম। খালেদা জিয়া আসায় বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত হওয়ায় সমাবেশ কিছুটা বড় হয়েছে।