বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আলোচিত ১৮টি বাড়ি বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. আবু তারিক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গণপূর্ত বিভাগের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ ও রাজউকের সাবেক পরিচালক (অর্থ) হুমায়ূন খানের রিট খারিজ করে রায় দেন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী রফিক উল হক, এ এম মাহবুবউদ্দিন ও নাজমুল হুদা মামলা পরিচালনা করেন। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন এ কে এম ফজলুল হক।রায়ের পর দুদকের আইনজীবী ফজলুল হক প্রথম আলোকে বলেন, আদালত রিট খারিজ করে রায় দিয়েছেন। ফলে মামলা চলবে। এ ধরনের একাধিক রিট একই আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।রিট আবেদনকারী পক্ষের আইনজীবী নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে আগামী রোববার আপিল করা হবে। প্রস্তুতি চলছে।উল্লেখ্য, রাজউকের পরিত্যক্ত ১৮টি বাড়ি বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় ২০০৭ সালের ২৯ মার্চ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক শফিউল আলম। এতে রাষ্ট্রের ১২৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। ওই বছরের ২০ সেপ্টেম্বর ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।