বৈধতা চ্যালেঞ্জ করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ওরফে রানা বাদী হয়ে কিশোরগঞ্জ যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি করেন।
আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন মামলাটি আমলে নিয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শাতে বলেছেন। ওই মামলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ও সাধারণ সম্পাদক আশরাফ আলীকে বিবাদী করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগের গঠনতন্ত্রে নেতাদের সর্বোচ্চ বয়স ২৭ বছর ও তাঁরা বিবাহিত হতে পারবেন না উল্লেখ করা হয়েছে। কিন্তু নবগঠিত কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বিবাহিত ও সরকারি চাকরিজীবী। তাঁর বয়স ৩৫ বছর। এ কমিটি ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর ক, গ ও ২৩ ধারার সঙ্গে সাংঘর্ষিক। গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় বাদী কমিটি বাতিলের আরজি করেন।
বাদী জাহাঙ্গীর আলম বলেন, ‘শুরু থেকে আমরা কমিটিকে গঠনতন্ত্র পরিপন্থী আখ্যা দিয়ে বাতিলের দাবি করে আসছিলাম। দাবির পক্ষে আন্দোলনও করেছি। কর্তৃপক্ষের টনক নড়েনি। এ কারণে এখন আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’
অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে চেষ্টা করেও ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি শফিকুল গণির সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সাধারণ সম্পাদক আশরাফ আলী বলেন, ‘গঠনতন্ত্রে ২৭ বছর উল্লেখ থাকলেও আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২৯ বছর পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় কমিটির অনেক নেতার বয়স ২৯ বছরের মধ্যে আছে। আমাদের কমিটির সভাপতির বয়সও ২৯ বছরের বেশি হবে না।’ তিনি (শফিকুল গণি) বিবাহিত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই।’
দলীয় সূত্রে জানা গেছে, নয় বছর পর গত ৪ সেপ্টেম্বর তিন সদস্যবিশিষ্ট কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি।
শফিকুল গণিকে সভাপতি, আশরাফ আলীকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা আন্দোলনে যান। পদবঞ্চিতদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য খায়রুজ্জামান ওরফে পুটন।