রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।গত ১১ মার্চ জামায়াতের পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল শুনানি ৯ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছিলেন। গতকাল বিষয়টি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় ছিল। বিচারপতিরা এজলাসে এলে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী তানিয়া আমীর বলেন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান নির্বাচন কমিশনের পক্ষে মামলা পরিচালনা করবেন। শুনানি শুরু করা যেতে পারে। একপর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক জানান, ব্যক্তিগত অসুবিধার কারণে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বেলা একটার আগে আসতে পারছেন না। কাল (আজ বুধবার) নির্বাচন কমিশনের পক্ষে রুলের জবাব দাখিল করা হবে। আদালত বলেন, ‘প্রতিপক্ষ দুটি। বিবাদীপক্ষের আইনজীবীও নেই। রুলের জবাবের কপি সরবরাহ করার বিষয় আছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হলো।’২০০৯ সালে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের নেতা সৈয়দ রেজাউল হক চাঁদপুরিসহ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি। এতে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি ধারার সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী বলে দাবি করা হয়।