বৈমানিকদের কর্মসূচি অব্যাহত ফ্লাইট-সূচি এখনো এলোমেলো
বৈমানিকদের কর্মসূচির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট-সূচিতে এলোমেলো অবস্থা চলছেই।চাকরির বয়সসীমা বাড়ানোর আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে বৈমানিকেরা তিন দিন ধরে অতিরিক্ত কাজ বন্ধ রাখার কর্মসূচি পালন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এদিকে আন্দোলন কর্মসূচি শুরু করায় বিমান কর্তৃপক্ষ গতকাল রোববার বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) ভারপ্রাপ্ত সভাপতি ক্যাপ্টেন জাকির হোসেন, সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এম এ বাসেত মাহতাব, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার শাহরিয়ার এম ফরাজি ও সদস্য ক্যাপ্টেন মাকসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নোটিশের জবাব দেওয়ার জন্য তাঁদের ৯৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।গত বুধবার বাপার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া এবং দাবি মেনে নিতে বিমানকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ায় এই চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বৈমানিকেরা কর্মসূচি শুরু করেন। চুক্তি অনুযায়ী মাসে ৭০ ঘণ্টার বেশি তাঁরা বিমান চালাচ্ছেন না। তাঁরা দুটি ফ্লাইট চালানোর মধ্যবর্তী বিশ্রামের সময় বিমান চালাচ্ছেন না। এ ছাড়া মাসে প্রাপ্য আট দিন ছুটির পুরোটাই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে বৈমানিক-সংকট দেখা দেওয়ায় বিমানের ফ্লাইটের সময়সূচি ঠিক রাখা সম্ভব হচ্ছে না বলে বিমান সূত্র জানিয়েছে।বিমানবন্দর সূত্র জানায়, গতকাল ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটটি ছাড়ার কথা ছিল বেলা পৌনে তিনটায়। কিন্তু ওই ফ্লাইটটি বিকেল সোয়া চারটায় ছাড়ে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, সময়মতো বৈমানিক না পাওয়ার কারণেই ফ্লাইটটি দেড় ঘণ্টা পিছিয়ে দিতে হয়েছে।পাইলট অ্যাসোসিয়েশনের এক নেতা বলেন, ‘আমরা চুক্তির বাইরে কাজ করছি না। ওই ফ্লাইটটি দায়িত্ব তালিকার বাইরে থাকায় সংশ্লিষ্ট পাইলট এটি চালাতে রাজি হননি।’সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, একই কারণে গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম পথে একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার কুয়েত ফ্লাইট নিয়েও সংকটে পড়ে কর্তৃপক্ষ। ওই ফ্লাইটটি এয়ারবাস দিয়ে পরিচালনা করার কথা ছিল। কিন্তু বৈমানিক না পাওয়ায় পরে ডিসি-১০ চালানোর উদ্যোগ নেওয়া হয়।এর আগে শুক্রবার রাত সোয়া আটটায় ঢাকা-চট্টগ্রাম-দুবাইয়ের নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়। শুক্রবার রাত ১০টার কুয়ালালামপুরের ফ্লাইটটিও দুবার বাতিল করা হয়। ওই ফ্লাইটের যাত্রীদের গতকাল রাত ১০টায় কুয়ালালামপুরগামী আরেকটি ফ্লাইটে পাঠানো হয়।বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাতেই বিমানের পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হয়েছে। তবে সভার সিদ্ধান্ত সম্পর্কে জানা যায়নি।