বৈমানিকদের চাকরির বয়স বাড়ানোর সিদ্ধান্ত বহাল
বৈমানিকদের অবসরের বয়সসীমা বাড়ানো-সংক্রান্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিদ্ধান্ত আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগ।বৈমানিকদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এর আগে হাইকোর্ট বিমান কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছিলেন, যা পরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দেন।গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ বিষয়ে চেম্বার বিচারপতির স্থগিতাদেশ বহাল রেখেছেন। একই সঙ্গে উভয় পক্ষকে হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তির উদ্যোগ নিতে বলা হয়েছে।গত ৯ সেপ্টেম্বর বিমান কর্তৃপক্ষ তাদের বৈমানিকদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৬২ বছর করে প্রশাসনিক আদেশ জারি করে। বিমান কর্তৃপক্ষ একতরফাভাবে ওই সিদ্ধান্ত নিয়েছে বলে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের পাঁচ কর্মকর্তা। পরে বিমান কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ অক্টোবর চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। পরে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আসে। গতকাল আপিল বিভাগ ওই আদেশ দেন।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, ‘চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশের মেয়াদ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। ফলে বয়স বাড়ানোর সিদ্ধান্ত বহাল থাকছে।’তবে বৈমানিকদের পক্ষের আইনজীবী সাইদ আহমেদ বলেন, ‘স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করে ৪ নভেম্বরের মধ্যে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। তাই বয়স বাড়ানো-সংক্রান্ত সিদ্ধান্তের ভিত্তিতে কার্যক্রম গ্রহণে এক ধরনের স্থিতাবস্থা বজায় থাকছে।’