বৈরিতা ও সন্দেহের জায়গায় থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতে যে সম্পর্ক ছিল, তা দুই দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। অথচ বিভিন্ন সরকার মতপার্থক্য আর অবিশ্বাসের জায়গায় থেকেই দ্বিপক্ষীয় বিষয়গুলো সুরাহা করতে চেয়েছিল। এতে কোনো ফল আসেনি।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ভবিষ্যৎ এখন সঠিক পথে রয়েছে।’গওহর রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বিশ্বায়নের যুগে বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফর-পরবর্তী অবস্থা ও করণীয় বিষয়ে সেন্টার ফর অল্টারনেটিভস, ঢাকা এবং জামিয়া মিল্লিয়া ইসলামিয়া, নয়াদিল্লি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।গওহর রিজভী বলেন, শুধু সহযোগিতা ও অবিরোধপূর্ণ সম্পর্কই দুই দেশের মধ্যে দারিদ্র্য ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি অভিবাসন, সীমান্ত ও পরিবেশের মতো দ্বিপক্ষীয় বিষয়ে সমাধান দিতে পারে।গওহর রিজভী বলেন, আঞ্চলিক যোগাযোগ স্থাপনের জন্য শুধু ভারতই নয়—নেপাল, ভুটান, মিয়ানমার ও চীনের সঙ্গেও সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।শিক্ষাবিদ গবেষকদের সহযোগিতা ও উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি করে ধারণা দেওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কোনো এক জায়গা থেকে শুরু করতে হবে, যার ওপর ভিত্তি করেই ভবিষ্যৎ সম্পর্ক গড়ে উঠবে।’ রিজভী বলেন, শেখ হাসিনার ভারত সফর দুই দেশের সম্পর্কোন্নয়নের ভিত্তি স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায় মনমোহন সিং বাংলাদেশ সফরে এসেছেন।পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক একটি চলমান প্রক্রিয়া। একটি সফর দিয়ে এর উপসংহার টানলে চলবে না। বাংলাদেশে ভারতের হাইকমিশনার রজিত মিত্তার বলেন, মনমোহন সিংয়ের সফরে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু গণমাধ্যম সেসব সাফল্য উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। রেল ট্রানজিটকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শীর্ষ বৈঠকের ফলকে শূন্য বলা যাবে না। দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা ও গতিশীলতার দিকে নজর দেওয়ার ওপর জোর দিয়ে তিস্তার বিষয়ে তিনি বলেন, এখানেই সবকিছুর শেষ নয়। শুল্ক ছাড়া ভারতে বাংলাদেশের ৪৬টি পণ্যের প্রবেশ বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি বলেন, ‘কূটনৈতিক ক্ষেত্রে সরকারের মনোভাব ও জনগণের মনোভাব এক হয় না। অনেক সময় সরকার যা করে, তাতে জনগণের মতামত ভিন্ন থাকে। তাই আমি মনে করি, প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়ন জরুরি।’ এই সেমিনারের মাধ্যমে তরুণদের মতামতের ওপর প্রাধান্য দেওয়ার পাশাপাশি নিচ থেকে ওপর মহল পর্যন্ত একটি মতৈক্য তৈরি করার প্রয়াস চালানো হবে। দুই দিনব্যাপী এই সেমিনার ছয়টি পর্বে বিভক্ত। কূটনীতি, বাণিজ্য, প্রযুক্তি, পরিবেশ, পানি, নিরাপত্তা এসব বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞরা আলোচনা করবেন।