বৈরী আবহাওয়ায় ১৪ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ১৪ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরবিহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা অঞ্চলের ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ জানান, বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনা এড়াতে সারা রাত আর কোনো লঞ্চ চলতে দেওয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। এর আগে লঞ্চগুলো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেই নোঙর করে রাখা হয়। সে সময় যাত্রীরা ফেরিতে করে নদী পার হয়।
লঞ্চ মালিক সমিতির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক নুরুল আনোয়ার বলেন, দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এ সময় অনেক যাত্রী নদী পাড়ি দিতে না পেরে বেকায়দায় পড়ে।