বৈরী আবহাওয়া, সাগরে মাছ ধরা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের ভরা মৌসুম চলছে। কিন্তু সাগর উত্তাল থাকায় দুই সপ্তাহ ধরে জেলেরা মাছ ধরতে পারছেন না। এরই মধ্যে জেলে-পরিবারগুলোতে চাল-ডাল শেষ হয়ে গেছে। এ অবস্থায় কক্সবাজারের টেকনাফের উপকূলীয় জেলেপল্লিতে চরম দুর্দিন চলছে।জানা যায়, উপজেলার প্রায় ২৫ হাজার পরিবার সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। দেশের বিভিন্ন স্থানে জেলেদের সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা থাকলেও টেকনাফে এ ধরনের কোনো সুযোগ-সুবিধা নেই। শাহপরীর দ্বীপের ট্রলার-মালিক আবদুল আমিন ও নুরুল হক জানান, এ সময়ে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই সপ্তাহ ধরে মাছ শিকার বন্ধ রয়েছে। এতে জেলে-ট্রলার মালিক—সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফিশারি ঘাটে মাছ ওঠানো-নামানোর কাজ করেন মোহাম্মদ আলম ও কবির আহমদ। তাঁরা বলেন, ঘাটে এখন কোনো মাছ নেই। আগে মাছভর্তি ট্রলার ঘাটে এলে মজুরির সঙ্গে খাওয়ার মাছ পেতেন। এখন সেটাও পাচ্ছেন না। কয়েক দিন ধরে পরিবারের লোকজনের মুখে ঠিকমতো দুবেলা ভাত দিতে পারছেন না। শাহপরীর দ্বীপের জেলে নূর হোসেন মাঝি, আকতার হোসেন ও টেকনাফের করিম উল্লাহ মাঝি জানান, ভরা মৌসুমে সাগরে নামতে না পারায় সব জেলে-পরিবারে অভাব-অনটন দেখা দিয়েছে। সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান জানান, সাগরে মাছ শিকার বন্ধ থাকায় স্থানীয় বাজারে মাছের সংকট দেখা দিয়েছে। টেকনাফ ট্রলার মালিক সমিতির সভাপতি মোহামঞ্চদ রফিক কোম্পানি ও শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আয়ুব জানান, এ সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ জালে আটকা পড়ে। কিন্তু সাগরে এখন ভারী বর্ষণ ও দমকা হাওয়া বইছে। এতে ট্রলার-মালিক ও জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, টেকনাফে জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা আগে ছিল না। কিন্তু চলতি মৌসুমে একটি খসড়া তালিকা প্রণয়ন করা হয়েছে। আগামী বছর থেকে জাটকা ধরা জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।