বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং মাওয়া-কাওড়াকান্দি নৌপথে গত রোববার থেকে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে। বাধ্য হয়ে দুর্বল ইঞ্জিনচালিত ফেরিগুলো বন্ধ রাখছে কর্তৃপক্ষ। অন্য ফেরি চললেও অতিরিক্ত সময় লাগছে। এ অবস্থা চলতে থাকলে ঈদে ঘরমুখী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা-যমুনায় পানি বৃদ্ধির পাশাপশি স্রোত বাড়ছে। রোববার বিকেল থেকে স্রোত আরও বেড়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় কর্তৃপক্ষ দুর্বল ইঞ্জিনচালিত ফেরি বন্ধ রাখে। রোববার রাতে এমন দুটি রো রো, একটি কে-টাইপ ও পাঁচটি ইউটিলিটি ফেরি অন্তত চার-পাঁচ ঘণ্টা চলতে পারেনি। ফলে উভয় ঘাটে বহু যান আটকা পড়ে। অন্য ফেরি চললেও এক ঘণ্টার মতো অতিরিক্ত সময় ব্যয় হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে চার-পাঁচ ঘণ্টা ফেরি ঠিকমতো চলতে পারেনি। ইঞ্জিন দুর্বল হওয়ায় দৌলতদিয়ায় শাহ মখদুম, কুমারী, পাটুরিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং সব কটি ইউটিলিটি ফেরি ঘাটে বেঁধে রাখা হয়। বাকিগুলো চললেও অতিরিক্ত সময় নিয়ে যানবাহন পারাপার করে। এ কারণে উভয় ঘাটে বেশ কিছু যান আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির আরিচার নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, ঈদে মানুষের পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি বরাদ্দ রাখা হয়েছে। নয়টি রো রো, তিনটি কে-টাইপ ও নতুন তিনটিসহ ছয়টি ইউটিলিটি ফেরি রয়েছে। বর্তমানে রো রো ফেরি মতিউর রহমান সাময়িক বন্ধ রাখা হয়েছে। তিনটি কে-টাইপ ও একটি ইউটিলিটি ফেরি চলছে। অন্যগুলো আবহাওয়া বুঝে ছাড়া হচ্ছে। নতুন আনা ইউটিলিটি ফেরির মধ্যে শাপলা-শালুক পরীক্ষামূলকভাবে রোববার সন্ধ্যার দিকে দুটি ট্রিপ দেয়।
বিআইডব্লিউটিসি মাওয়া ঘাট সূত্র জানায়, উত্তাল ঢেউয়ের কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় রোববার বেলা একটায় টানা ফেরিগুলোর চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই দিন দিবাগত রাত তিনটার দিকে নদীতে অতিরিক্ত ঢেউয়ের সৃষ্টি হলে অন্য ফেরিগুলোর চলাচলও বন্ধ রাখা হয়। এতে মাওয়া-কাওড়াকান্দি পথে চলাচলকারী ১৭টি ফেরির সবগুলোই বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার সকাল সাড়ে আটটায় ঢেউ কমলে বন্ধ থাকা টানা ফেরিসহ সব ফেরির চলাচল আবার শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটা পর্যন্ত মাওয়া ঘাট প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পারাপারের অপেক্ষায় থাকে কয়েক শ যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন। এতে ঈদে ঘরমুখী যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। যানজটে আটকে পড়া বাসের যাত্রী আয়শা আক্তার বলেন, পরিবার নিয়ে ঈদ করার জন্য গ্রামের বাড়ি গোপালগঞ্জে যাচ্ছেন। কিন্তু নদীর যে অবস্থা, তাতে শিশুদের নিয়ে নদী পার হতে ভয় লাগছে। যাত্রী রফিকুল ইসলাম বলেন, এবার বৈরী আবহাওয়া ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ অবস্থা চলতে থাকলে মাওয়া ঘাটে প্রতিদিন যানজটের সৃষ্টি হবে।
মাওয়া বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, বৈরী আবহাওয়ার কারণে যেকোনো সময় ফেরি চলাচল বন্ধ রাখতে হতে পারে।