বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। পদ্মা নদীতে ঝোড়ো হাওয়ার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ কারণে উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় তিন শতাধিক বাস আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানায়, রোববার সকাল থেকেই আকাশে কালো মেঘ আর ঝোড়ো হাওয়া বইতে থাকে। দুপুর ১২টার দিকে পরিস্থিতি আরও খারাপ হলে নৌপথে দুর্ঘটনা এড়াতে ১৭টি ফেরি, ৮৫টি লঞ্চ ও আড়াই শ স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঘাটের উভয় পাড়ে তিন শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরে বেলা আড়াইটার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী সাব্বির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বেলা সাড়ে ১১টায় কাঁঠালবাড়ি ঘাটে এসে পৌঁছাই। পরেই শুরু হয় ঝোড়ো বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি। এরপরেই ফেরি চলাচল বন্ধ করে রাখা হয়। পরে বেলা তিনটার দিকে গাড়ি ফেরিতে ওঠে।’

খুলনা থেকে চট্টগ্রামগামী ট্রাকচালক লতিফ সিদ্দিকি বলেন, ‘গতকাল রাতে মালবোঝাই ট্রাক নিয়ে টার্মিনালে বসে আছি। ঘাটে ফেরি স্বল্পতা আবার আবহাওয়া খারাপ। মাঝেমধ্যেই বাতাস দেখা দিলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় হয়। এ কারণে যাত্রীবাহী বাস পারাপার হতে পারলেও ট্রাকের সারি থেকেই যায়। কখন পদ্মা পাড়ি দিতে পারব আল্লাহ্ জানেন।’

সার্বিক পরিবহনের চালক ইলিয়াস আহম্মেদ বলেন, আবহাওয়া খারাপ থাকায় যাত্রীদের নিয়ে প্রায় চার ঘণ্টা বাসে বসে থাকতে হয়েছে।

কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক পুলিশের উপপরিদর্শক কুশল কুমার সাহা প্রথম আলোকে বলেন, আবহাওয়া খারাপ থাকায় মাঝেমধ্যে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে একটু যানজট হলেও অল্প সময়ের মধ্যেই তা ঠিক হয়ে যায়।