বৈরী আবহাওয়ার মধ্যে শোকার্ত মানুষের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর প্রথম জানাজা গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আজ বুধবার চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জানাজায় আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংসদ ভবনের সামনের টানেলে এ জানাজা হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি মো. জিল্লুুর রহমান মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁর সামরিক সচিব মিয়া মো. জয়নুল আবেদীন। জানাজায় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুস শহীদ, হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, বিএনপির নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান প্রমুখ।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে বলেন, তাঁর রাজনৈতিক শিষ্টাচার সবার কাছে শিক্ষা হয়ে থাকবে।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, একজন সফল ব্যবসায়ী হওয়ার পরও তিনি রাজনীতিকে সবার ওপরে স্থান দিতেন। মরহুমের বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমার বাবা জনপ্রিয় ছিলেন এটা জানতাম, কিন্তু জানাজায় এসে বুঝলাম তিনি কতটা জনপ্রিয় ছিলেন।’