বৈরী আবহাওয়ায় নৌ-চলাচল বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নদ-নদী উত্তাল থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ এবং মুন্সিগঞ্জের মাওয়া-শিমুলিয়ার সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুরের তিনটি ঘাটের লঞ্চ ও অন্যান্য ছোট নৌযান চলাচল গতকাল বুধবার বন্ধ হয়ে যায়। বন্ধ থাকে উপকূলীয় জেলা ভোলা, পটুয়াখালী, বরগুনাসহ বিভিন্ন অভ্যন্তরীণ পথের নৌ-চলাচলও।
নৌপথগুলোতে গতকাল সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নির্দিষ্ট গন্তব্যে যেতে না পেরে বা নদী পার না হতে পেরে বিভিন্ন ঘাটে হাজারো যাত্রী আটকা পড়েন। বঙ্গোপসাগরে দুটি মাছ ধরা ট্রলারডুবির ঘটনায় ২৩ জেলে নিখোঁজ ছিলেন। এ ছাড়া খোঁজ মিলছে না জেলেসহ ছয়টি মাছ ধরা ট্রলারের।
ঢাকার বাইরে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পদ্মা ও যমুনার প্রচণ্ড ঢেউয়ের জন্য গতকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো যাত্রী দৌলতদিয়া লঞ্চঘাটে এসে বিপাকে পড়ে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, দুর্ঘটনা এড়াতে সকাল ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ফেরি চলছিল। মুন্সিগঞ্জের মাওয়া-শিমুলিয়ার সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুরের তিন ঘাট—কাওড়াকান্দি, কাঁঠালবাড়ি ও মঙ্গলমাঝির লঞ্চ ও সি-বোট চলাচলও বন্ধ থাকে।
লঞ্চমালিক সমিতির মঙ্গলমাঝি ঘাটের ব্যবস্থাপক মোকলেছ মাদবর বলেন, মাওয়ার সঙ্গে এ তিনটি ঘাটে প্রতিদিন ৮৭টি লঞ্চ ও ছয় শর বেশি িস-বোট চলাচল করে। সকাল থেকে নৌযানগুলোর চলাচল বন্ধ রাখার ঘোষণায় চারটি ঘাটে কয়েক হাজার যাত্রী আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে কাওড়াকান্দিতে চলাচলের জন্য ১৭টি ফেরি থাকলেও বৈরী আবহাওয়া ও নাব্যতাসংকটের কারণে সীমিতভাবে আটটি ফেরি চলাচল করতে পারছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরি চলাচল সীমিত থাকায় শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটের উভয় পাশে দীর্ঘ যানজটে আটকা পড়ে চার-পাঁচ শ ছোটবড় গাড়ি।
ভোলার অভ্যন্তরের শতাধিক নৌপথে যাত্রীবাহী ছোট লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ ভোলার নৌ-নিরাপত্তা বিভাগের পরিদর্শক নাসিম আহমেদ। তবে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের নজরদারি এড়িয়ে অনেক ট্রলার চলছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে থেমে থেমে সকাল থেকে বৃষ্টি হয় ও দমকা হাওয়া চলে। স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এ অবস্থায় জীবনযাত্রা থমকে পড়ে। এ জেলার অভ্যন্তরীণ ২২টি নদীপথে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত-সংলগ্ন বঙ্গোপসাগরে ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরা ট্রলারডুবি হয়েছে। গতকাল সকালে গভীর সমুদ্র থেকে মাছ ধরে কুয়াকাটা ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মৎস্যবন্দর আলীপুরের মৎস্য আড়তদার সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। ট্রলারের মাঝিসহ ১২ জন জেলে নিখোঁজ রয়েছেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, সাগরের আলোর কোল এলাকায় মঙ্গলবার ‘এফবি ভাইবোন’ নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। ১২ জেলের মধ্যে চারজন উদ্ধার হলেও অন্যরা নিখোঁজ রয়েছেন। আলোর কোল, ফেয়ারওয়ে বয়া ও পক্ষীদিয়া এলাকায় গত দুই দিনে অন্তত ছয়টি মাছ ধরা ট্রলার নিখোঁজ হয়।