বৈরী আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফেরি পারাপারে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগছে।
ফেরিঘাট ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বাভাবিকের চেয়ে ফেরি চলাচল এখন অনেকটাই কম। ১৮টি ফেরির মধ্যে ১০টি চলাচল করছে। স্বাভাবিক অবস্থায় ফেরি পার হতে যেখানে সময় লাগত এক ঘণ্টা, এখন লাগছে প্রায় দুই ঘণ্টা। তাই কয়েক দিন ধরেই শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে কয়েক শ মালবাহী ট্রাক। এ ছাড়া গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষায় ছোট-বড় অসংখ্য যানবাহন। এতে দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রী ও চালকেরা।
ট্রাকচালক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা হলে গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘শিমুলিয়া ফেরিঘাটে এসেছি চার দিন আগে। আর কত দিন এখানে থাকতে হবে তা জানা নাই। তাই বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে দিন পার করছি।’
শিমুলিয়া ফেরিঘাট এলাকার দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক সিদ্দিকুর রহমানের সঙ্গে কথা হয় গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে। তিনি প্রথম আলোকে বলেন, চারটি ঘাটে প্রায় সাড়ে চার শ থেকে পৌনে পাঁচ শ যানবাহন অপেক্ষমাণ আছে। এর মধ্যে ট্রাকের সংখ্যাই বেশি।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী পরিচালক খন্দকার শাহ মো. খালিদ নেওয়াজ বলেন, খরস্রোত, নাব্যতাসংকট ও বৈরী আবহাওয়ার কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।