বৈরী আবহাওয়া ও সেই সঙ্গে ছুটির দিন থাকলেও গতকাল শুক্রবার খুলনা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নির্বাচনী প্রচারণায় কোনো ভাটা দেখা যায়নি; বরং নগরজুড়ে ছিল তাঁদের জমজমাট প্রচারণা। থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া উপেক্ষা করেই তাঁরা ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ১৮-দলীয় জোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. মনিরুজ্জামানের পক্ষে সকালে জেলা বিএনপির সভাপতি মাজিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শফিকুল আলমের নেতৃত্বে একটি দল নগরের বিভিন্ন স্থানে প্রচারণা চালায়।অন্যদিকে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেকের পক্ষে সকাল ও বিকেলে মিস্ত্রিপাড়া, নতুন বাজার, কেডিএ নিউমার্কেট ও নিরালা এলাকায় গণসংযোগ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও নগর সম্পাদক মিজানুর রহমান। এ ছাড়া জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী শফিকুল ইসলামের সমর্থনে নগর জাপার সহসভাপতি মোল্যা মুজিবর রহমানের নেতৃত্বে একটি দল বিভিন্ন এলাকায় গণসংযোগ করে।