বৈরুতে বাংলাদেশি রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূতাবাসের কার্যক্রম পরিচালনায় অব্যবস্থাপনা ও ব্যক্তিগত অসদাচরণের অভিযোগে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গাউসুল আজম সরকারকে দ্রুত ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে জানান, মন্ত্রণালয় থেকে ১৭ জুলাই গাউসুল আজমের কাছে পাঠানো চিঠিতে তাঁকে আজ রোববারের মধ্যে ঢাকায় ফিরে আসতে বলা হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, গাউসুল আজমকে লেবাননের রাষ্ট্রদূতের দায়িত্বভার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের হাতে অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক আগে লেবাননে রাষ্ট্রদূত হওয়ার পর থেকে দূতাবাসের কর্মকাণ্ড পরিচালনায় সহকর্মীদের সঙ্গে সমন্বয় ছিল না গাউসুল আজম সরকারের। সেখানে বাংলাদেশের লোকজনের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়। সামগ্রিকভাবে দূতাবাসের কর্মকাণ্ড পরিচালনা ব্যাহত হতে থাকে। এ পরিস্থিতিতে সমস্যাগুলো মিটিয়ে ফেলতে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করা হয়। এর পরও তা সুরাহা হয়নি।
লেবাননে অবস্থানরত কয়েকজন বাংলাদেশি এ প্রতিবেদককে জানান, সম্প্রতি বৈরুতে অনুষ্ঠিত এক সভায় রাষ্ট্রদূতের বিরুদ্ধে বিষোদগার করেন বাংলাদেশি আকবর আলী মোল্লা। পরে কাজের অনুমতিপত্র নেই এ অভিযোগে রাস্তা থেকে আকবর আলীকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ।
কয়েকজন বাংলাদেশির অভিযোগ, রাষ্ট্রদূতের সঙ্গে বিতণ্ডার জের ধরে আকবর আলীকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বৈরুতে বাংলাদেশ দূতাবাসের কর্মী আজিজুর রহমানকে জোর করে রাষ্ট্রদূত তাঁর বাসার কাজ করতে বাধ্য করান। কিন্তু ১৫ জুলাই আজিজুর রহমান কাজ করতে অস্বীকৃতি জানালে তাঁকে দূতাবাসে আটকে রাখা হয়। পরে স্থানীয় বাংলাদেশিরা দূতাবাস ঘেরাও করলে বিষয়টি সম্পর্কে লেবানন পররাষ্ট্র মন্ত্রণালয় জানতে পারে। পরদিন লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় গাউসুল আজমকে তলব করে বিষয়টি মিটিয়ে ফেলার পরামর্শ দেয় এবং বাংলাদেশ সরকারকেও বিষয়টি অবহিত করে।
প্রসঙ্গত, ২০১৩ সালের জুলাইয়ে সুইডেন থেকে লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয় গাউসুল আজম সরকারকে। সুইডেনে দায়িত্ব পালনের সময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি সমালোচিত হন। এ সময় অনৈতিক কাজের দায়ে তাঁর স্ত্রীকে সুইডেনের কর্তৃপক্ষ স্টকহোম ছাড়ার নির্দেশ দেয় বলে অভিযোগ রয়েছে।