কাল বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। ভোজনরসিক বাঙালির খাবারের তালিকায় থাকবে হরেক রকমের ভর্তা-ভাজি, শাকসবজি আর পান্তা-ইলিশ। পান্তার সঙ্গে এক টুকরো ইলিশ না হলে যেন চলে না। তাও আবার যে সে ইলিশ না, অনেকে পাতে চান পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ কিনতে তাই এখন অনেকে ছুটছেন রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে।সেখানে ছোট থেকে শুরু করে প্রমাণ সাইজের ইলিশ মিলছে। কিন্তু দাম আকাশছোঁয়া। গতকাল শুক্রবার ফেরিঘাটে ৫০০ গ্রাম ওজনের একজোড়া ইলিশ তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম আরও বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মার বলে ঘাটে যে ইলিশ বিক্রি হচ্ছে, তার অধিকাংশই বরিশালের।রাজবাড়ীর শ্রীপুরের ব্যবসায়ী রিমন শেখ ও তাঁর এক বন্ধু ফেরিঘাট এলাকায় হন্যে হয়ে ঘুরছেন। আলাপকালে তিনি জানান, ঢাকার শ্যামলীতে তাঁর বোনের বাসা। বৈশাখ উপলক্ষে পদ্মার ইলিশ নিয়ে যেতে হবে। বাজারে না গিয়ে তাজা ইলিশের সন্ধানে তাই ফেরিঘাটে চলে এসেছেন। কিন্তু এত দাম শুনে রীতিমতো আঁতকে উঠেছেন। রিমন জানান, এক বিক্রেতা ৫০০ গ্রাম ওজনের চারটি ইলিশের দাম হেঁকেছেন পাঁচ হাজার টাকা।ঘাটে পন্টুনের আড়ালে বসা দুজন লোককে বোতলের পানি হাতে নিয়ে ইলিশের গায়ে লাগাতে দেখা গেল। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, পদ্মার রুপালি ইলিশ দেখতে চকচকে। আর বরিশালের ইলিশের গায়ে লালচে আভা থাকে। তাঁরা গ্লিসারিন-জাতীয় পদার্থ বরিশালের ইলিশের গায়ে ঘষে দিয়েছেন। এতে মাছগুলো চকচকে দেখাবে। দেখে কেউ বুঝতে পারবেন না এটি বরিশালের না পদ্মার ইলিশ। এভাবে প্রতারণা করে মাছ বিক্রির কারণ জানতে চাইলে দুজনেই বলেন, ‘আমাদের করার কী আছে! পদ্মায় তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। আর লোকে এসে পদ্মার ইলিশ চায়। বেশি দাম পাওয়ার আশায় এ কাজ করছি।’এক বিক্রেতা এক কেজি ওজনের একটি ইলিশের দাম হাঁকলেন তিন হাজার টাকা। কাছে গিয়ে কথা হয় তাঁর সঙ্গে। নাম তাঁর মোক্তার মণ্ডল। তিনি বলেন, ‘আগে প্রতিদিন দুই-তিন মণ করে ইলিশ এই ঘাট এলাকায় উঠত। এখন ১০-১৫ কেজির ওপর হয় না। আবার কেউ নদীতে গিয়েই কিনে নিয়ে যান। বিক্রেতা আছেন ৩০-৪০ জনের মতো। ভাগে পাওয়াই মুশকিল। ৫০০ গ্রামের দুটি ইলিশ আনতে আমাদের খরচা পড়ে দেড় হাজার টাকার মতো।’দৌলতদিয়া ঘাট বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোহন মণ্ডল বলেন, ‘পদ্মায় আগের মতো ইলিশ নেই। জেলে ও পাইকারদের সেই জৌলুশও নেই। আমাদের ইলিশ খেতে ইচ্ছে করলে সরাসরি জেলেদের কাছ থেকে কিনে নিই। বেশি দামের কারণে সাধারণ মানুষের পক্ষে পদ্মার ইলিশের স্বাদ নেওয়া সম্ভব হয় না। বাধ্য হয়ে অনেকেই জাটকা খেয়ে ইলিশের স্বাদ মেটান।’জানতে চাইলে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, ১ নভেম্বর থেকে ৩১ মে পর্যন্ত নয় ইঞ্চির ছোট ইলিশ বা জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।