বৈশাখী উৎসব পুরান ঢাকায়
এ এক অন্য পুরান ঢাকা! সব মানুষ যেন নেমে এসেছিল রাজপথে। স্থান করে নিয়েছিল সর্বত্র ছড়িয়ে থাকা অনুষ্ঠানস্থলে। নববর্ষে পুরান ঢাকা ছিল উৎসবের নগর। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শত শত মানুষ লাল পেড়ে সাদা শাড়ি আর নানা রঙের পাঞ্জাবি-ফতুয়া গায়ে হাসিমুখে বেরিয়ে পড়েছিলেন। মেতেছিলেন উৎসবে। নারিন্দার মাহমুদা অনি তাঁর স্বামীকে নিয়ে গত শনিবার সন্ধ্যায় গিয়েছিলেন গেন্ডারিয়া ধূপখোলা মাঠে। অনি বলেন, ‘পারিবারিক কারণে অন্য এলাকায় থাকলেও প্রতিবছর ভালোবাসার টানে আমরা এই মেলায় চলে আসি। এ জন্য ধূপখোলা ঘাসবিহীন মাঠের ধুলাবালি কিংবা সরু রাস্তার যানজটের কষ্টও আমরা সহ্য করতে পারি।’ পুরান ঢাকার বাসিন্দাদের বর্ষবরণের কেন্দ্র ছিল ধূপখোলা মাঠ। মেলা ছড়িয়ে পড়েছিল মাঠের চারপাশের রাস্তায়, এমনকি আশপাশের এলাকার অলিগলিতেও। আহসান মঞ্জিল, লালবাগ দুর্গের সামনেও ছিল নববর্ষ উদ্যাপনে মানুষের ভিড়। যাত্রাবাড়ী চৌরাস্তায় মাঠে, সুরিটোলা স্কুল মাঠে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।লালবাগ, বেগমবাজার, চকবাজার এলাকা নববর্ষের আনন্দে মেতে উঠেছিল। জিন্দাবাহার, ইংলিশ রোড, নবাবপুরের রথখোলা ও ওয়ারীতে ছিল নানা অনুষ্ঠান। ছোট ছোট অনুষ্ঠানের আয়োজন ছিল পাড়া-মহল্লাগুলোতে। সেখানে উৎসাহী মানুষের ভিড়। এছাড়া পুরান ঢাকার সরু গলিগুলো দিয়ে ট্রাকে ভ্রাম্যমাণ অনুষ্ঠান করে ঘুরে বেরিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা। এ ছাড়া ছিল স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।