বৈশাখী কেনাকাটায় তাঁরাও আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। গতকাল সন্ধ্যায় তোলা ছবি l প্রথম আলো

দোকানির সঙ্গে দরদাম করছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী মহসিন খান। ভাগনির জন্য ফ্রক কিনবেন তিনি। কিন্তু দাম নিয়ে একমত হতে পারছিলেন না তাঁরা। একপর্যায়ে দুজনের হিসাব মিলে গেল। পছন্দের ফ্রক কিনতে পেরে খুশি মহসিন।
গতকাল বুধবার গুলিস্তানে গিয়ে চোখে পড়ে এই দৃশ্য। মহসিনের মতো হাজারো নিম্ন আয়ের মানুষ বৈশাখী কেনাকাটা করতে ছুটছে গুলিস্তানের ফুটপাতের দোকানগুলোতে।
মহসিন বললেন, ‘এক দিন পরই পয়লা বৈশাখ। তাই ভাগনির জন্য জামা কিনলাম।’ দোকানিরা বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে গুলিস্তানের বিভিন্ন মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় কয়েক গুণ বেড়ে গেছে।

ধানমন্ডির জেনেটিক প্লাজার সামনে বসেছে বৈশাখী চুড়ির মেলা। ক্রেতা–বিক্রেতাদের ব্যস্ততার এ ছবি গতকাল তোলা l প্রথম আলো
ধানমন্ডির জেনেটিক প্লাজার সামনে বসেছে বৈশাখী চুড়ির মেলা। ক্রেতা–বিক্রেতাদের ব্যস্ততার এ ছবি গতকাল তোলা l প্রথম আলো

সরেজমিনে দেখা যায়, গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার, বঙ্গবন্ধু অ্যাভিনিউ হকার্স মার্কেট, বঙ্গবাজার ছাড়াও ফুটপাতে পাওয়া যাচ্ছে ঢোল-তবলা, একতারা, পাখি, প্রজাপতি ও ঘুড়ির ছাপ দেওয়া জামা-পাজামা, সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া। এসব পোশাকের দামও তুলনামূলক কম।
গুলিস্তানে কথা হয় শীলা সরকার নামের এক নারীর সঙ্গে। তিনি বললেন, শুধু বৈশাখের জন্য নয়, সারা বছর পরা যায় এমন পোশাকও কিনবেন তিনি।
বিক্রেতা মো. আলী বলেন, ফুটপাতে পোশাকের দাম ৬০ থেকে শুরু করে ৪০০ টাকা পর্যন্ত।
বিক্রির ব্যস্ততার কারণে ঢাকা ট্রেড সেন্টারের সোনারগাঁও ফ্যাশনের বিক্রেতা মো. শাকিল কথা বলতে রাজি হননি। এই মার্কেটের সিঁড়িতে দোকান মো. সুমনের। সারা দিন বসতে না পারার কারণে বিক্রি কম হয়েছে তাঁর। বললেন, তাঁরা বিকেল ৪টা থেকে রাত ১০টা-১১টা পর্যন্ত বসেন। সকাল থেকে বসতে পারলে বিক্রি আরও ভালো হতো।
এদিকে বিক্রি নিয়ে অসন্তুষ্টিও আছে। কয়েকজন বিক্রেতা বললেন, এবারের বৈশাখে শাড়ি ও সালোয়ার কামিজের বিক্রি কম। এ ছাড়া খুব গরম বলেও ক্রেতারা কম আসছেন।