বৈশাখী কেনাকাটায় মুখর সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা! সিলেট নগরের নয়াসড়ক এলাকার একটি বিপণিবিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড়। সচরাচর দুপুরের আগে সিলেট নগরের বিপণিবিতানগুলোতে ভিড়বাট্টা খুব একটা থাকে না। কিন্তু গতকাল সোমবার ছিল অন্য রকম দৃশ্য। দল বেঁধে তরুণ-তরুণীরা বিপণিবিতানে ঢুকছেন আর বেরোচ্ছেন। অনেকের হাতেই ব্যাগভর্তি কাপড়সহ নানা সওদা।
বিপণিবিতানে আসা লোকজনের উদ্দেশ্য বৈশাখী কেনাকাটা সেরে নেওয়া। বিপণিবিতান ছাড়াও নগরের ফুটপাতেও জমে উঠেছে কেনাকাটা।
গতকাল সকাল ও বিকেলে দুই দফা নগরের সাতটি বিপণিবিতানে সরেজমিনে দেখা গেছে, বাংলা নববর্ষকে সামনে রেখে বিপণিবিতানগুলোতে নতুন নকশা ও বৈচিত্র্যের পোশাক এসেছে। ক্রেতাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। বিশেষত নগরের নয়াসড়ক, কুমারপাড়া, বারুতখানা, জিন্দাবাজার, বন্দরবাজার, লামাবাজার এলাকার কাপড়ের দোকানগুলোতে তরুণ-তরুণীদের ভিড় ছিল চোখের পড়ার মতো।
নয়াসড়ক এলাকায় কথা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরিন আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘বান্ধবীরা দল বেঁধে একই রঙের শাড়ি কিনতে এসেছি। পয়লা বৈশাখের দিন আমরা প্রত্যেকেই এক ধরনের শাড়ি পরব।’
নয়াসড়ক এলাকায় অবস্থিত আড়ংয়ের শো-রুমে কথা হয় আশরাফুল ইসলাম ও সাবিনা বেগম নামের নবদম্পতির সঙ্গে। তাঁরা জানালেন, কয়েক মাস আগে তাঁদের বিয়ে হয়েছে। বিয়ের পর এটাই প্রথম একসঙ্গে বাংলা নববর্ষ উদ্যাপন। তাই নিজেদের পাশাপাশি আত্মীয়স্বজনের জন্যও তাঁরা পোশাক কিনতে এসেছেন।
বন্দরবাজার এলাকার ফুটপাতে কথা হয় আইয়ুব মিয়া নামের এক দিনমজুরের সঙ্গে। তিনি জানান, তাঁর দুই ছেলে বৈশাখী শার্ট কেনার জন্য কয়েক দিন ধরেই বায়না ধরেছে। তাই ফুটপাতের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে তিনি কাপড় কিনতে এসেছেন।
সেনপাড়া এলাকার বাসিন্দা হচ্ছেন সাগরিকা পাল। গতকাল বেলা পৌনে চারটায় তাঁর সঙ্গে কথা হয় বারুতখানা এলাকার একটি বিপণিবিতানে। তাঁর স্বামী সরকারি চাকরিজীবী। সাগরিকা বলেন, ‘এবার প্রথমবারের মতো পয়লা বৈশাখে সরকার উৎসবভাতা চালু করেছে। তাই অন্যান্য বছরের চেয়ে এবার বৈশাখী উৎসবও জমবে বেশ। এ কারণেই হয়তো কেনাকাটাও একটু আগেভাগেই শুরু হয়ে গিয়েছে।’