কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর বাইরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আগামী রোববারের মধ্যে ভবন নির্মাণের উদ্যোগ স্থগিত করা না হলে পরদিন থেকে বিক্ষোভ মিছিল করা হবে বলে ওই কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে গিয়ে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন করে ভূমি অধিগ্রহণ, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রশস্তকরণ এবং বৈশাখী চত্বরে ভবন না করার দাবি জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে তিনজন দাবি করেন, ‘প্রতিবছর পয়লা বৈশাখ ওই জায়গায় আয়োজন করা হয়। সেখানে নানা ধরনের প্রজাতির গাছ রয়েছে। এসব গাছের ছায়ায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। এখন ওই জায়গায় ইট-পাথরের স্থাপনা হলে সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ হয়ে যাবে।