বৈশাখী চ্যানেল নতুন আঙ্গিকে
বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি তাদের লোগো পরিবর্তন করেছে। গতকাল বুধবার হোটেল শেরাটনের বল রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে কেক কেটে বৈশাখী টেলিভিশনের নতুন লোগো উদ্বোধন করা হয়।বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান অনুষ্ঠানে আগত অতিথিদের সুইচ টিপে পুরোনো লোগোর পর্দা সরিয়ে নতুন লোগো উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, হাফিজ উদ্দিন আহম্মেদ, গোলাম সারওয়ার, মাহাবুবুল আলম, সুলতানা কামাল, মুহাম্মদ জাফর ইকবাল, লে. জেনারেল (অব.) এম হারুনুর রশিদ, রামেন্দু মজুমদার, শাকিলা জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাসী। এ কারণে সরকার গঠনের পর ১২টি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দিয়েছে। প্রয়োজনে আরও টিভি চ্যানেল, এফএম রেডিও, কমিউনিটি চ্যানেলের লাইসেন্স দেওয়া হবে।