বৈশাখী টেলিভিশনের সাংবাদিকদের ওপর হলমার্ক কর্মীদের হামলা
রাজধানীর উপকণ্ঠ সাভারের হেমায়েতপুর এলাকায় হলমার্ক গ্রুপের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে হামলার শিকার হয়েছেন বৈশাখী টেলিভিশনের তিন সাংবাদিক ও ক্যামেরাম্যন। হামলাকারীরা মারধর করে সাংবাদিকদের ক্যামেরা ও মুঠোফোন সেট ছিনিয়ে নেন এবং তাঁদের কারখানার ভেতরে আটকে রাখেন। খবর পেয়ে জনতা হাউজিংয়ের ক্ষতিগ্রস্ত প্লট মালিকেরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। এর পরপরই ঘটনাস্থলে যায় র্যাব ও সাভার থানার পুলিশ। ঘটনার পর বৈশাখী টেলিভিশনের পক্ষে আহত ক্যামেরাম্যান বেলাল হোসেন গতকাল বিকেলে সাভার থানায় লিখিত অভিযোগ করেন।থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক দিপু সারোয়ার, সাভার প্রতিনিধি আবদুল হালিমসহ অন্যরা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে হলমার্ক গ্রুপের কার্যালয়ে যান। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাঁদের ভেতরে ঢুকতে বাধা দেন। এ সময় প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক শামীম আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তাঁদের মূল ফটকের বাইরে অপেক্ষা করতে বলেন। এর কয়েক মিনিট পর ২০ থেকে ২৫ জন লোক এসে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। মারধরের একপর্যায়ে হামলাকারীরা ক্যামেরা ও মুঠোফোন সেট ছিনিয়ে নেন। অভিযোগে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের নির্দেশেই হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। এর আগে গত ২৪ জানুয়ারি হলমার্ক গ্রুপের কবল থেকে সরকারি হালট উদ্ধার করতে গিয়ে সাভারের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান প্রতিষ্ঠানটির শ্রমিকদের হামলার শিকার হয়ে আহত হয়েছিলেন। তখন মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। গতকালের ঘটনায়ও শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ঢাকা রিপোর্টার্স ইউনিটি বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ও ক্যামেরাম্যানের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।