বৈশাখী পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ১০ কোটি টাকা

পয়লা বৈশাখ উৎসব সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গার্মেন্টস পল্লিতে বৈশাখী পোশাক তৈরির ধুম পড়েছে। চৈত্রের এ শেষ সময়ে দোকানদার ও পোশাকশ্রমিকেরা ব্যস্ত সময় পার করছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে পূর্ব আগানগর গার্মেন্টস পল্লিতে গিয়ে দেখা যায়, পোশাককর্মীরা কাপড়ের ওপর বর্ণিল প্রিন্ট, বুটিক ও চুমকি বসানো পোশাক তৈরিতে ব্যস্ত। এসব পোশাকে তালপাখা, বাঁশি, ঢাকঢোল, সানাই, গিটার, একতারা, দোতারা, ডুগডুগি-তবলা, খেজুরগাছ, তালগাছ, কলস ও কুলাসহ বাঙালির চিরায়ত ঐতিহ্যের আলপনা ও নকশা ফুটিয়ে তোলা হচ্ছে।
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম জানান, গার্মেন্টস পল্লিতে প্রায় ১০ হাজার তৈরি পোশাকের দোকান ও কারখানা রয়েছে। বৈশাখ উপলক্ষে ১৫০০ থেকে ২০০০ কারাখানায় পোশাক তৈরি করা হয়। প্রতিবছর এখান থেকে প্রায় ১০ কোটি টাকার তৈরি পোশাক বিক্রি হয়। এ বছরও পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা প্রায় ১০ কোটি টাকা।
পূর্ব আগানগর ও কালীগঞ্জ এলাকা ছাড়াও খেজুরবাগ, চর খেজুরবাগ, আলীনগর, কৈবর্তপাড়া, চর কুতুব, আমবাগিচাসহ উপজেলার বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে ছোট ছোট কারখানা। এগুলোতে তৈরি হচ্ছে বৈশাখী শার্ট, টি-শার্ট, পায়জামা, পাঞ্জাবি, ফতুয়াসহ ছেলেমেয়েদের নানা পোশাক। এখানকার তৈরি পোশাক বিক্রি করা হচ্ছে দেশের ডিপার্টমেন্টাল স্টোর, সুপার মার্কেটসহ অভিজাত শপিং মল ও বিপণিবিতানে।
পূর্ব আগানগর এলাকার খাজা মার্কেটের পোশাককর্মী রেজাউল ইসলাম বলেন, ‘পয়লা বৈশাখ উপলক্ষে পাঞ্জাবি ও ফতুয়া
তৈরি করছি। দুই মাস ধরে প্রতি মাসে আমরা চার থেকে সাত হাজার টাকা পর্যন্ত বাড়তি আয় করছি।’
আলম টাওয়ার মার্কেটের নিউ জেরিন ফ্যাশনের মালিক আলী আকবর বলেন, এ বছর পয়লা বৈশাখের চাহিদা মাথায় রেখে গত বছরের চেয়ে প্রায় ২০ হাজার পাঞ্জাবি, ফতুয়া বেশি তৈরি করা হচ্ছে। এসব পোশাকের দাম সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত। বৈশাখ উপলক্ষে বরিশাল, পটুয়াখালী, চিটাগং, রাজশাহী, যশোর, খুলনাসহ বিভিন্ন অঞ্চলের ক্রেতারা আসতে শুরু করেছেন। দু-এক দিনের মধ্যে বাজার জমে উঠবে।
ব্যবসায়ী মো. মোখলেছ বলেন, বৈশাখী এসব পোশাকে প্রিন্ট ও তুলির আঁচড়ে তালপাখা, বাঁশের বাঁশি, ঢাকঢোল, সানাই, গিটার, একতারা, দোতারা, ডুগি-তবলা, খেজুরগাছ, তালগাছ, কলস ও কুলাসহ বাঙালির চিরায়ত ঐতিহ্যের নানা আলপনা ও নকশা ফুটিয়ে তোলা হচ্ছে।