বিভিন্ন বিপণিবিতানে কাপড় ও জুতার দোকানে চলছে ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়। এরপরও আগ্রহ নেই ক্রেতাদের। আর এ অবস্থা চলছে সিলেটের বৈশাখী বাজারে। বিক্রেতারা জানিয়েছেন, গত বছর পয়লা বৈশাখ সামনে রেখে এ সময় তুলনামূলক ভালো বেচাকেনা হয়েছিল। এবার বৈশাখ উপলক্ষে রকমারি নকশার কাপড় বাজারে এলেও ক্রেতারা সেভাবে দোকানে আসছেন না।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, নগরের নয়া সড়ক, কুমারপাড়া, বারুতখানা, জিন্দাবাজার, বন্দরবাজার ও লামাবাজার এলাকাতেই সবচেয়ে বেশি বিপণিবিতান ও কাপড়ের দোকান অবস্থিত। প্রত্যেক দোকানিই পয়লা বৈশাখ উপলক্ষে নতুন নকশার কাপড়চোপড় দোকানে এনেছেন। তবে কেনাকাটা করতে আসা ক্রেতাদের সংখ্যা একেবারেই কম।
জিন্দাবাজার এলাকার একটি বিপণিবিতানে কাপড় কিনতে আসা তরুণী জান্নাতুল পারভীন বলেন, ‘গতবার এমন সময় ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিল। এবার মানুষজন কম। হয়তো শেষ দিকে ক্রেতারা ভিড় করবেন।’ একই বিপণিবিতানের তানভীর আহমেদ নামের এক বিক্রেতা জানান, ক্রেতাদের উপস্থিতি আশানুরূপ না হলেও রাতের বেলা ক্রেতারা বৈশাখী কাপড় কিনতে আসছেন।
পাঁচজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৈশাখী কেনাকাটায় ক্রেতাদের আকর্ষণ করতে তাঁরা ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়ে কাপড় ও জুতা বিক্রি করছেন। এরপরও সে তুলনায় ক্রেতাদের সাড়া মেলেনি। এটি তাঁদের অনেকটা হতবাক করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সিলেটের আতিয়া মহলসহ সারা দেশে জঙ্গিবাদের হঠাৎ উত্থান এবং বৈশাখের অনুষ্ঠান দিনের মধ্যেই শেষ করে ফেলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনার কারণেই হয়তো মানুষজন কিছুটা ভয় পেয়েছে। সে জন্য অনেকে কেনাকাটায় আগ্রহ হারিয়ে ফেলেছেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত বলেন, ‘ব্যবসায়ীদেরও প্রস্তুতি আছে, মানুষের কাছেও টাকা আছে। কিন্তু প্রশাসনের বাধ্যবাধকতার কারণে বৈশাখের অনুষ্ঠান হবে কি হবে না, এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে অনেকে বৈশাখী কেনাকাটা করতে উৎসাহ হারিয়ে ফেলেছেন।’
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ঈদ-পূজা ছাড়াও বাঙালির কিছু উৎসব ঘিরে ব্যবসায়ীদের বেচাবিক্রি ভালো হয়। কয়েক বছর ধরে পয়লা বৈশাখেও ভালো বিক্রি হয়। কিন্তু এবার যেন অনেকের মধ্যে ভীতি ঢুকে গেছে। তাই তুলনামূলকভাবে কেনাকাটা কম হচ্ছে। এরপরও আমরা ব্যবসায়ীরা আশাবাদী, হয়তো বাকি দিনগুলো বেচাকেনা বেশি হবে।’