বৈশাখী ভাতার দাবিতে শিক্ষকদের অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী ভাতার দাবিতে গতকাল মঙ্গলবার জামালপুর ও টাঙ্গাইলে বেসরকারি কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বেলা ১১টার দিকে জামালপুর শহরের দয়াময়ী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকেরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক এ কে এম মোস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ফ্রন্টের জামালপুর ও শেরপুর জেলার সমন্বয়ক আলী আকবর, জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এ কে এম তফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল রহমান, বাংলাদেশ মাদ্রাসা সাধারণ শিক্ষক অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, সরকারি চাকরিজীবীদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু শিক্ষকদের অনেক সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষকেরা বৈশাখী ভাতার দাবি জানিয়ে আসছেন। কিন্তু শিক্ষকদের এ ভাতা এখনো দেওয়া হচ্ছে না। অবিলম্বে বৈশাখী ভাতা দেওয়ার দাবি জানান তাঁরা। না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের জেলা শাখা। এ সময় শিক্ষকেরা বৈশাখী ভাতাসহ কয়েকটি দাবি জানান। এর মধ্যে রয়েছে অনুপাত প্রথা বাতিল, বাড়ি ভাড়া, ইনক্রিমেন্ট ও শিক্ষা জাতীয়করণ।

ধর্মঘট চলাকালে সংগঠনের জেলা সভাপতি এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাহার আলী মিয়া সভাপতিত্ব করেন।