বৈশাখী ভাতার দাবিতে শিক্ষকদের মানববন্ধন

বেতনে বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও শিক্ষা জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার বরিশাল শহরে মানববন্ধন হয়েছে। সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের বিভাগীয় আহ্বায়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কলেজশিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আমিনুর রহমান, শিক্ষক ফেডারেশন বরিশালের সাধারণ সম্পাদক রেজাউল করিম, অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।
এ সময় মহসিন-উল ইসলাম পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সরকার অনতিবিলম্বে দাবি মেনে না নিলে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের নেতা-কর্মীরা ৩০ মার্চ বরিশাল প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি মানা হলে ১৩ এপ্রিল সকালে অশ্বিনীকুমার হলের সামনে থেকে স্যালুট মিছিল বের করা হবে। আর না মানা হলে ওই দিনই বের করা হবে কালো পতাকা মিছিল।
বক্তারা বলেন, সারা দেশে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত ৮৯ শতাংশ শিক্ষক। এসব শিক্ষক-কর্মচারী নানা বৈষম্যের শিকার।