বৈশাখী মেলা হলো না জাপান গার্ডেন সিটিতে
রাজধানীর জাপান গার্ডেন সিটিতে প্রতিবছর বৈশাখী মেলা ও অনুষ্ঠান হয় ধুমধাম করে। তবে এবার বিভিন্ন অজুহাতে মেলা বা অনুষ্ঠান কিছুই অনুষ্ঠিত হয়নি। এতে সিটিতে বসবাসকারী অনেক ফ্ল্যাটের মালিক ও ভাড়াটেদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ারও সৃষ্টি হয়েছে।
বাসিন্দাদের কয়েকজন জানালেন, জাতীয় ও বিশেষ দিবস, ঈদ, পূজা-পার্বণে সিটির ভেতরে চলে নানান আয়োজন। হিন্দু সম্প্রদায়ের বাসিন্দারা সিটির ভেতরেই মণ্ডপ সাজিয়ে পূজার আয়োজন করেন। এত দিন তা-ই হয়ে আসছিল।
মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত এই আবাসিক এলাকার একজন ফ্ল্যাট মালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘প্রতিবার আমরা বৈশাখী মেলা ও অনুষ্ঠান করি। এইবার নিচে লিখে দিয়েছিল, এইচএসসি পরীক্ষার কারণে এ ধরনের অনুষ্ঠান হবে না। এ ছাড়া ধর্মীয় একটি গোষ্ঠীর পক্ষ থেকেও আপত্তি ছিল বলে শুনেছি। অনুষ্ঠান না হওয়ায় বাচ্চারা খুব মন খারাপ করেছে।’
নির্মাতা প্রতিষ্ঠান জাপান গার্ডেন সিটি লিমিটেডের একটি প্রকল্পের আওতায় এ সিটি গড়ে উঠেছে ১০ একর জায়গায়। ভেতরে বর্তমানে ২০টি ভবনে ১ হাজার ৪৪৩টি পরিবারের বাস। আরও ছয়টি ভবন নির্মাণ করা হচ্ছে। এতে মোট ২৬টি ভবনে ১ হাজার ৬২৩টি পরিবার বসবাস করবে। ‘আকিহাবারা’, ‘সাকুরা’সহ জাপানি শব্দে ভবনগুলোর নামকরণ করা।
প্রতিটি ভবনে নির্বাচনের মাধ্যমে ফ্ল্যাটের মালিকদের মধ্যে কমিটি গঠন করা হয়। আবার এসব কমিটির সদস্যদের নিয়ে ৪৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি দুই বছরের জন্য নির্বাচিত হয়। জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির একজন সদস্য সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘২০০৭ সাল থেকে এখানে আছি। এইবার ছাড়া প্রতিবারই মেলা ও অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের পক্ষে আগ্রহী লোকজনই বেশি ছিল। এ সিটির ভেতরে অনেক বাসিন্দা। তাঁরা উৎসবে এখন আর বাইরে যেতে চান না। এ ছাড়া মোহাম্মদপুরে সেভাবে বড় উৎসব না হওয়ার কারণে অনেকেই এখানে এসে উৎসবে যোগ দিতেন।’
১৯ নম্বর ভবনের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফদি আহমেদ প্রথম আলোকে জানান, সিটির সবার মতামতের ভিত্তিতেই এবার অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়নি। গতবার ১২৬ জন ফ্ল্যাট মালিক লিখিত দিয়েছিলেন সিটির ভেতরে এ ধরনের অনুষ্ঠান না করার জন্য। এবার এ ধরনের কোনো লিখিত পাওয়া যায়নি। তবে এবারও ধর্মীয় গোষ্ঠীর কিছু লোক অনুষ্ঠান হোক তা চাননি। বৈশাখী মেলা সিটির ভেতরে করলে আবাসিক শৃঙ্খলা নষ্ট হয়। বাইরের লোকজনের স্টল বেশি থাকে। এ কারণেই মূলত মেলা হয়নি।