বৈশাখী মেলা: এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ
ফেনী সদর, পরশুরাম, ফুলগাজী ও দাগনভূঁঞা উপজেলায় বৈশাখী মেলা চলছে। মেলায় ব্যবহূত মাইকের শব্দে এইচএসসি পরীক্ষার্থীসহ এলাকার শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। তা ছাড়া এসব মেলায় জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগ পাওয়া গেছে।প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পরশুরাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয় মাঠ, সদর উপজেলার লেমুয়ার মজুমদার হাট শেখ মজিবল হক উচ্চবিদ্যালয় মাঠ এবং দাগনভূঁঞা সদরের বসুরহাট রোডে বৈশাখী মেলা চলছে।পরশুরামে বৈশাখী মেলার প্রধান আকর্ষণ হচ্ছে: র্যাফল ড্র, জুয়া (কাটা, গুটি ও চাক্কি খেলা) এবং ভ্যারাইটি শো নামের অশ্লীল নৃত্য। মেলার আয়োজন করেছেন ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মী। এতে ১২টি ছোট ছোট খুপরি দোকানে ভাত, চা ইত্যাদি বিক্রি হচ্ছে। মেলার পণ্যসামগ্রীর নাম-গন্ধও নেই। মেলা চলে সন্ধ্যা থেকে রাত তিনটা-চারটা পর্যন্ত।জানতে চাইলে জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগ অস্বীকার করে পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নিজাম উদ্দিন চৌধুরী ওরফে সাজেল চৌধুরী বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরাই মেলার আয়োজক। এখানে জুয়া বা অশ্লীল নাচ হয় না।পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, মেলা বন্ধের জন্য তিনি গত শুক্রবার রাতে জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছেন।ফুলগাজীর মেলা সন্ধ্যা থেকে শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। এখানে নামসর্বস্ব কিছু মেলার স্টল চলছে। বেশির ভাগেই চা, শিশুদের খেলনা বিক্রি হয়। মেলার পণ্য নেই বললেই চলে। এ ছাড়া আছে চাক্কি খেলা, মোটরসাইকেল মিউজিক, র্যাফল ড্র (লটারি) ও গানবাজনার আয়োজন। সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাট এলাকায় শেখ মজিবল হক উচ্চবিদ্যালয়-সংলগ্ন মাঠে আয়োজিত মেলায় কোনো পণ্যসামগ্রী নেই।লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার অভিযোগ করেন, মেলার নামে এখানে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুয়া ও অশ্লীল নৃত্য চলে। তিনি জানান, স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১৭ এপ্রিল থেকে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। মেলার মাইকের শব্দে আশপাশের শিক্ষার্থীদের লেখাপড়ায় ভীষণ সমস্যা হচ্ছে। তিনি মেলা বন্ধের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।দাগনভূঁঞা মেলায়ও সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে র্যাফল ড্র, নাগরদোলা, ভ্যারাইটি শো।এলাকাবাসীর অভিযোগ, দাগনভূঁঞায় গত তিন মাসে বিভিন্ন নামে পাঁচটি মেলা অনুষ্ঠিত হয়েছে। একশ্রেণীর রাজনৈতিক নেতা-কর্মী এসব মেলাকে তাঁদের ব্যবসার ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী মেলা হয়েছিল কোরাইশমুন্সি বাজার এলাকায়, পয়লা মাঘ পক্ষকালব্যাপী মেলা চলে এয়াকুবপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলা চলে সালাম নগরে। এরপর উপজেলা সদরে অনুষ্ঠিত হয় মাসব্যাপী শিশুমেলা। এখন চলছে ‘বৈশাখী মেলা’।এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান প্রথম আলোকে বলেন, ফুলগাজী ও সদরে মেলা অনুষ্ঠানের জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। বাকি দুটির অনুমতি দেওয়া হয়নি। তিনি সব কটি মেলা বন্ধ করে দেওয়া হবে বলে জানান।