বৈশাখী মেলার খেলনা নিয়ে ব্যস্ত খোকশা গ্রাম
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খোলাশ গ্রামের মোন্নাপাড়া ও গেদুপাড়ার নারী ও পুরুষেরা দেশের বিভিন্ন স্থানে বৈশাখ মাসজুড়ে চলা মেলায় বিক্রিবাট্টার উদ্দেশ্যে রওনা হতে সব প্রস্তুতি শেষ করেছেন। এখন শুধু বেরিয়ে পড়ার পালা। মাসজুড়ে তাঁরা দেশের বিভিন্ন স্থানে মেলায় শিশুদের মনোরঞ্জনকারী টমটম গাড়ি বা টরটরি গাড়ি, বেহালা, সারিন্দা প্লাস্টিকের বিভিন্ন জাতের খেলনা বিক্রি করবেন।
গতকাল বুধবার সকালে ওই গ্রামে গিয়ে দেখা যায়, কেউ তৈরি পণ্য সাজিয়ে নিচ্ছেন। কেউবা এখনো পণ্য তৈরির কাজ করছেন। দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে দুই কিলোমিটার পথ পেরিয়ে ওই গ্রাম। গ্রামে ঢোকার রাস্তার দুই পাশে চোখে পড়ে রংবেরঙের কাঠ ও বাঁশের চিকন লাকড়ি রোদে শুকানো হচ্ছে। নয়টি পাড়া নিয়ে পাঁচ শতাধিক পরিবার বসবাস করে এ গ্রামে। গ্রামের দুটি পাড়া মোন্নাপাড়া ও গেদুপাড়ার দেড় শতাধিক নারী ও পুরুষ টরটরি গাড়ি ও প্লাস্টিকের খেলনার পণ্য তৈরি করছেন। তাঁদের সঙ্গে বিভিন্ন বয়সের কিশোর-কিশোরীরা এ কাজে সহযোগিতা করছে। পুরুষেরা মেলা করা নিয়ে বছরের তিন-চার মাস গ্রামে থাকেন না। এ জন্য বেশির ভাগ নারী পণ্য তৈরি করে থাকেন।
গ্রামের দিলবর ফকির (৬৫) বলেন, ৭০-৮০ বছর আগের কথা। গ্রামের কুড়ানো মোল্লা ও সুলতান ফকির (তাঁরা এখন বেঁচে নেই) বিভিন্ন মেলায় বেড়াতে গিয়ে এ কাজ শেখার জন্য উৎসাহী হয়ে তাঁরাই প্রথম গ্রামে এ কাজের সূচনা করেন। একসময় এ পাড়ার লোকজন অন্যের বাড়িতে দিনমজুরির কাজ করে সংসার চালাতেন। যেদিন কাজ থাকত না, সেদিন না খেয়ে পেট শুকাতে হতো। এ পেশায় আসার পর পেটের ভাত হলেও কাজের জন্য কারও কাছে হাত পাততে হয় না। এ কাজ করে অনেকেই এখন বেড়ার বাড়ি ভেঙে পাকা বাড়ি করেছেন। এখন ছেলেমেয়েদের লেখাপড়া করান তাঁরা। এ পাড়ার বেশ কয়েকজন বিদেশে থাকেন।
দিলবর ফকিরের ছেলে আমজাদ (৪২) বলেন, ‘মেলার জন্য সব প্রস্তুতি শেষ করেছি। এক-দেড় মাসের জন্য বাড়ি থেকে বের হব।’ তিনি আরও বলেন, ‘২০-২৫ বছর যাবৎ মেলা করছি। কোন জেলায় কবে কোথায় মেলা বসে, সেটা আমাদের চোখের সামনে ভাসে। আমরা পাড়ার বেশির ভাগ লোকই মেলা করি। ছেলেমেয়ে এবং সংসার দেখেন মহিলারা।’
আরেক বাড়ির নারী কহিনুর বিবি (৪৮) বলেন, ‘হামাকেরে জীবনডা এ রকমই। বছরের বেশির ভাগ সময়ই স্বামী-ছেলেরা মেলা করে। আর হামরা সংসার দেখি আর মেলার জিনিসপত্র বানাই।’ তাঁর কাজের সঙ্গী ছেলেবউ রোজিনা বেগম (২২) বলেন, ‘হামার বাপের বাড়ি ক্ষেতলালের শিবপুর গ্রামেত। হামার বাপ জমিজমার চাষাবাদ করেন। স্বামীর ঘরত অ্যাসাই শাশুড়ির সাথে থ্যাকা মেলার জিনিস তৈরি করার কাজ শিখিচি। প্রথম প্রথম অসুবিধা হচে, এখন কোনো সমস্যা হয় না।’
প্লাস্টিকের খেলনা তৈরি করেন হানিফ মিয়া। তিনি বলেন, আগে কাগজ আর মাটির খেলনা দিয়্যা মেলা চলিছে। এখন যুগের সঙ্গে তাল মিলা চলার জন্যি আট-দশ বছর আগেত থ্যাকা প্লাস্টিকের খেলনা তৈরির মেশিন বসানো হছে। বাড়ির আঙিনায় কিংবা ঘরের বারান্দায় ১০-১২ জন কারিগর মেশিন বসিয়ে খেলনার সামগ্রী তৈরি করেন। আর নারীদের নিয়ে ওই সব সামগ্রী যুক্ত করে খেলনা তৈরি করা হচ্ছে।
প্লাস্টিকের খেলনা তৈরির কাজে ব্যস্ত স্বপ্না বেগম (২৭) বলেন, ‘আজ দুপুরের মধ্যে স্বামী মেলাত যাওয়ার জন্যি ব্যার হবে। বৈশাখ মাসত মেলা বেশি, একদিকে পাইকারদের চাহিদার মাল তৈরি, আরেক দিকে নিজেকেরে মাল লিয়্যা মেলাত যাওয়ার ধুম। গত এক-দেড় মাস যাবত সংসারের কাজের মধ্যেই খেলনা তৈরি করা হচে।’ তিনি আরও বলেন, ‘মাস দুয়েক স্বামী মেলা করবি, তাই শেষ মুহূর্তে কাপড় গোছানো আর মেলার খেলনা গোছানো নিয়ে হামরা ব্যস্ত।’
দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ওই গ্রামের বাসিন্দা আবু সাঈদ ফকির বলেন, ‘খোলাশ গ্রামের দেড় শতাধিক পরিবার খেলনা গাড়িসহ প্লাস্টিকের বিভিন্ন ধরনের খেলনা তৈরি করে ব্যবসা করে। এঁদের মধ্যে যাঁরা গরিব, তাঁদের সাহায্য-সহযোগিতা করা হয়। তবে ওই গ্রামে একটা সমিতি করে ব্যবসায়ীদের কম সুদে ঋণের ব্যবস্থা করা হবে।’