বৈশাখী মেলায় জুয়ার আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সান্দিমারা গ্রামে বৈশাখী মেলায় প্রকাশ্যে জুয়ার আসর বসানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পয়লা বৈশাখ থেকে স্থানীয় ইউপি সদস্য মো. দারোগ আলী এই মেলার আয়োজন করেন। বিকেল থেকে শুরু হয়ে মেলা চলে গভীর রাত পর্যন্ত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জুয়া খেলার লোক সমাগম। এই মেলা চলবে ১৫ বৈশাখ পর্যন্ত। সরেজমিনে শুক্রবার রাতে দেখা যায়, রাজবাড়ী বালিয়াকান্দি সড়কের পাশে সান্দেমারা সা-মন্দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মঞ্চের পাশে প্রাচীর ছাড়া ঘরে বসে আছেন মেলার উদ্যোক্তা দারোগ আলীসহ কয়েকজন। মঞ্চের পেছনে ঈদগাহ মাঠে তিনটি ক্যারাম খেলার আড়ালে চলছে জুয়া। মাঠে বসেছে রিং, চরকি, খরগুটি, তিন তাসের ১১টি আসর। কোনটিতে দাঁড়িয়ে, কোনটি বা বসে খেলা হচ্ছে। পাশে মঞ্চে টিভি, সাইকেল, সোনার কানের দুলসহ বিভিন্ন উপহারসামগ্রী রাখা। মাইকে লটারি কিনতে বিভিন্নভাবে প্রচারণা চলছে, অশ্লীল ভাষা শুনে কেউ কেউ হাততালি দিচ্ছে। তার ডান পাশে বড় পর্দায় হিন্দি সিনেমার গান দেখানো হচ্ছে। এলাকার হাজের আলী (৮৪) জানান, মেলায় তিনি এক হাজার ২০ টাকার লটারি কিনেছেন। তাঁর ছেলে কিছু খারাপ ছেলের সঙ্গে মিশে কয়েক হাজার টাকা নিয়ে এসে মেলায় নষ্ট করেছে বলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এই মেলা যত তাড়াতাড়ি বন্ধ হয় ততই ভালো বলে মন্তব্য করেন। জুয়া খেলতে আসা রানা (৩০) বলেন, ‘ভাই, খেলায় তো লাভ-ক্ষতি থাকবে। তিন দিনে কয়েক হাজার টাকা হেরেছি। ভাগ্যটা বেশি ভালো না, এখন তো মাত্র ৩০০ টাকা হেরেছি।’ রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী হায়দার মিয়া জানান, জুয়া খেলার ব্যাপারে খোঁজখবর নিয়ে তা বন্ধ করা হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক জানান, কোনো অবৈধ কিছু হবে না শর্তে মেলার অনুমতি দেওয়া হয়েছে। মেলায় জুয়া বা অন্য অবৈধ কোনো কিছু হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।