বৈশাখী মেলায় তিনটি ককটেল বিস্ফোরণ শিশুসহ আহত ১০
নওগাঁর আত্রাই উপজেলা সদরে বৈশাখী মেলায় গতকাল মঙ্গলবার তিনটি ককটেল বিস্ফোরণে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত তিন দিনের বৈশাখী মেলার শেষ দিনে মঞ্চের সামনে গতকাল রাত সাড়ে আটটার দিকে পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় ঢাকা থেকে আসা কণ্ঠশিল্পী রিংকুর সংগীত পরিবেশনের কথা। সে অনুযায়ী তিনি মেলায় আসেন। তিনি মঞ্চে ওঠার আগেই মঞ্চের সামনে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত সজল (১৮), সিরাজ (২২) ও রাজুকে (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবি ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় ছোটাছুটির সময় পদদলিত হয়ে ও স্প্রিন্টারের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ সুপার মো. কাইয়ুমুজ্জামান খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।