বৈশাখী মেলায় যুবলীগ-ছাত্রশিবির মারামারি আহত ৪, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীরপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কালীবাড়িতে বৈশাখী মেলা নিয়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রশিবিরের মধ্যে মারামারি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত বিষ্ণুপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. মিলনকে (৩২) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া আহত বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার খবর পেয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মেলা ভেঙে দেয়। এ ছাড়া একই সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শাহেদ (২৪), পিতা নুরুল হক নামে শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখ থেকে বিষ্ণুপুর গ্রামের কালীবাড়িতে প্রতিবছরের মতো এবারও বৈশাখী মেলা বসে। তবে, মেলার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। গতকাল মেলায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগ ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হয়। এ সময় মেলা প্রাঙ্গণে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মেলায় আগত ক্ষুদ্র ব্যবসায়ী ও দর্শনার্থীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
জানতে চাইলে যুবলীগ ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, তরমুজ খাওয়া নিয়ে দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি হয়, যা পরে রাজনৈতিক সংঘাতে রূপ নেয়। উদ্ভূত পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।