বৈশাখী সাজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নববর্ষের দিনে রাঙিয়ে নিন নিজেকে l ছবি পারসোনার সৌজন্যে
নববর্ষের দিনে রাঙিয়ে নিন নিজেকে l ছবি পারসোনার সৌজন্যে

কড়া রোদ কিংবা হঠাৎ এক পশলা বৃষ্টি। আবার হুট করে ঝোড়ো হাওয়া। নতুবা ভ্যাপসা গরমে অস্থির। বৈশাখের এই সময়ে আবহাওয়ার গতি বোঝা দায়। তবু উৎসব কি আর থেমে থাকে! নতুন বছরের প্রথম দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে কে না চায়। উৎসবমুখর দিনটি আরও রঙিন করে তুলতে নগরের পারলারগুলোতে চলছে বৈশাখী ছাড়। বিভিন্ন বয়সীদের জন্য রয়েছে নানা প্যাকেজ, যা শুধু ১৪ এপ্রিলই নয়, চলবে সারা মাসজুড়েই।
পারসোনা: পয়লা বৈশাখে পারসোনায় পাবেন ১৭০০ টাকার প্যাকেজ। চুল বাঁধা, শাড়ি পরা ও সাজ থাকবে এতে। ভোর ছয়টা থেকে খোলা থাকবে নগরের প্রবর্তক মোড়ে অবস্থিত এই সৌন্দর্যচর্চা কেন্দ্রটি। এ ছাড়া পুরো এপ্রিল মাস জুড়েই হেয়ার কালারে ১০ শতাংশ এবং রিবন্ডিংয়ে ১২ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
হাবিব তাজকিরাজ: রয়েছে নানা প্যাকেজ—বৈশাখী আভা, বিউটি কুইন, ফ্লাওয়ার কুইন ও বধূয়া মেকওভার। যা পেতে খরচ হবে ৪৯৯ থেকে ১৪৯৯ টাকার মধ্যে। এ ছাড়া ছোট্টমণিদের জন্য রয়েছে ৪৯৯ টাকার বিশেষ রূপসী মেকওভার প্যাকেজ। প্রতিষ্ঠান থেকে সাজের ফুল সরবরাহ করা হবে। জিইসি মোড়ে অবস্থিত পারলারটি নববর্ষের দিন খোলা থাকবে সকাল সাড়ে ছয়টা থেকে। এ ছাড়া হেয়ার কালার ও ফেসিয়ালে ছাড় চলবে বৈশাখ মাসজুড়ে।
লুসি বিউটি পারলার: ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২০০০ টাকার ওপর ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। পয়লা বৈশাখ সকাল সাড়ে আটটা থেকে খোলা থাকবে মেহেদীবাগের পারলারটি।
ফেয়ার টাচ: মেহেদীবাগের ফেয়ার টাচে ১২০০ টাকায় আলপনাসহ সাজ, শাড়ি, চুল বাঁধার প্যাকেজ রয়েছে। এ ছাড়া ১৩ এপ্রিল পর্যন্ত সাজ ছাড়া ১০০ টাকার ঊর্ধ্বে যে কোনো সেবায় রয়েছে ১৫ শতাংশ ছাড়। নববর্ষের দিন সকাল সাতটা থেকেই পারলার খোলা থাকবে।
বিউটি বাফেট: ১২০০ টাকায় বৈশাখী সাজ সাজার সুযোগ থাকছে এখানে। এ ছাড়া ‘হ্যাপি আওয়ার’ (সকাল ১০টা-বেলা ২টা) এবং ‘আফটার হ্যাপি আওয়ার’ (বেলা ২.০৫-রাত ৮টা) অফারে যথাক্রমে পাওয়া যাবে ২৫ এবং ১৫ থেকে ২০ শতাংশ ছাড়। নববর্ষের দিন সকাল সাড়ে পাঁচটা থেকেই নগরের প্রবর্তক মোড়ের প্রতিষ্ঠানটি খোলা রাখা হবে।
নিউ লুক পারলার: ১৫০০ টাকায় সাজ, শাড়ি পরা ও চুল বাঁধার প্যাকেজ থাকছে। এ ছাড়া ৮ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১০০০ টাকায় পাবেন ফেসিয়াল, ম্যানিকিওর ও পেডিকিওরসহ নানা সুবিধা। চট্টেশ্বরী মোড়ের পারলারটি খোলা থাকবে সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আলভিরাস বিউটি কেয়ার: বৈশাখ উপলক্ষে সাজের নানা প্যাকেজ দিচ্ছে তারা। এতে পাবেন ১৫০০ থেকে ১২ হাজার ৭৫০ টাকার মধ্যে। এতে ফেসিয়াল, হেয়ার কাট, মেকআপ, শাড়ি, চুল বাঁধাসহ আরও নানা সেবা অন্তর্ভুক্ত। ভোর ছয়টা থেকেই খোলা থাকবে গোলপাহাড় মোড় ও খুলশীর শাখা দুটি। এ ছাড়া বৈশাখের প্রস্তুতিমূলক সাজ গ্রহণ করে বিনা মূল্যে বিশেষ মেকআপ নেওয়ার সুযোগ থাকছে।