বৈশাখী হাওয়ায়...
শিশু একাডেমীর খোলা মঞ্চে বৈশাখী হাওয়া। রঙে-রূপে বৈশাখের আগমনী বার্তা নিয়ে একঝাঁক মডেলের ক্যাটওয়াক। গায়ে লাল-সাদার শাড়ি। হাতে হাতপাখা। সঙ্গে ‘আইল রে বৈশাখ আমার আইল রে’ গানের সুর। ফ্যাশনসন্ধ্যায় এমন বাঙালিয়ানা উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছিল দর্শকদের মধ্যেও। ডিজাইনারস ফোরামের তিন দিনের বৈশাখী মেলার সমাপনীতে গত বুধবার অনুষ্ঠিত হয় এই ফ্যাশন শো।
প্রতিবারের মতো এবারও মেলার আয়োজন। শিশু একডেমী মিলনায়তনে ৭ এপ্রিল মেলা উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার চন্দ্র শেখর সাহা ও রূপচর্চা বিশেষজ্ঞ কানিস আলমাস খান। এক ছাদের নিচে প্রদর্শিত হয় চট্টগ্রামের ১৪ জন ডিজাইনারের পোশাক। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে ধারণ করে তৈরি করা প্রতিটি পোশাকই ছিল বাহারি। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে করা এসব পোশাক দৃষ্টি কেড়েছে সবার।
অংশ নেওয়া ডিজাইনাররা হলেন রওশন আরা চৌধুরী (রওশনস), আইভি হাসান (ডলস হাউস), সুলতানা নুরজাহান (মিয়াবিবি), মোহছেনা কোরাইশী (পিনন), লুৎফা সানজিদা (অনিন্দ্য), এইচ এম ইলিয়াস (শৈল্পিক), কাজী শাহতাজ পারভীন (মুনমুনস), মণিদীপা দাশ (শ্রেয়া), নুরে জান্নাত (নিডেলওয়ার্ক), নাজমা আকতার (ড্রিম ফ্যাশন হাউস), আমিনা রহমান (আরিয়ন ফ্যাশন), জোবাইদা আশরাফ (ময়ূরাক্ষী), শাহিদা কামাল (কাশফিয়া বুটিক) ও শুভ্রা নেওয়াজ (এস ফাইভ)।
প্রদর্শনী ঘুরে দেখা গেছে, তিন দিনই দর্শনার্থী সমাগম ছিল বেশ। বিশেষ করে তরুণ-তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্রি চলেছে সমানে।
মেলায় আসা তরুণী তারানা তাবাসসুম বলেন, ‘পয়লা বৈশাখের আগে ফ্যাশন ট্রেন্ড জেনে নিতে প্রদর্শনীতে আসা ভালো কিছু সালোয়ার-কামিজ দেখেছি। রয়েছে জমকালো কাজের শাড়িও। এক ছাদের নিচে এতজন ডিজাইনারের পোশাক পেয়ে বাছাই করতে হিমশিম খেতে হচ্ছে। কারণ, প্রায় সব পোশাকই ভালো লাগছে।’
ফ্যাশন হাউস ময়ূরাক্ষীর কর্ণধার জোবাইদা আশরাফ বলেন, ‘মেলায় এবার প্রথম অংশ নিয়ে ভালো সাড়া পেয়েছি। পোশাকের পাশাপাশি ছিল আমার করা বিশেষ রেসিপির আচারের নানা পদ। বিক্রিও হয়েছে ভালো।’
মেলার প্রধান সমন্বয়ক সুব্রত বড়ুয়া বলেন, ‘পয়লা বৈশাখ আমাদের সর্বজনীন উৎসব। আর নববর্ষের এমন দিনে দেশি পোশাকের প্রতি সবার আগ্রহ বাড়াতে আমাদের এই আয়োজন। প্রতিবার মেলা আর নানা আয়োজনে আগেভাগে বৈশাখকে স্বাগত জানাই আমরা।’
সমাপনী দিনে সম্মাননা জানানো হয় ফ্যাশন হাউস রমণীয়ার কর্ণধার ফারুকী আজম বীর প্রতীককে। তিনি বলেন, ‘দেশি পোশাকে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এখন এই পেশায় তরুণেরা এগিয়ে আসছে। মজবুত একটা ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশীয় বুটিক হাউসগুলো। তবে অনুকরণ নয়, প্রাধান্য দিতে হবে নিজের মৌলিকত্বকে।’ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আহমেদ নেওয়াজ। কাজী শাহতাজ পারভীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রওশন আরা চৌধুরী ও আইভি হাসান।
সম্মাননা অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এতে গান করে ব্যান্ড দল ডিউ ড্রিমস। নৃত্য পরিবেশন করেন সঞ্চারী নৃত্যকলা একাডেমীর শিল্পীরা। এরপর মেলার সমপনী রাশ টানা হয় ডিজাইনার সালে রবির কোরিওগ্রাফিতে ফ্যাশন শোর মাধ্যমে।