বৈশাখে দিনভর আনন্দ আয়োজনে যা থাকছে
পয়লা বৈশাখে এমনিতেই বাঙালি ঘরের বাইরে বেরিয়ে আসে প্রাণের টানে। সময়, স্থান কিংবা আয়োজন এখানে মুখ্য হয়ে ওঠে না। এর পরও কিছু কিছু আয়োজন প্রতি বছরই হয়। এতে নানা সাজে সজ্জিত হয়ে সব বয়সের মানুষ অংশ নিয়ে আনন্দের প্রকাশ ঘটান। এবারও রাজধানী ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠন নানা আয়োজন নিয়ে হাজির হবে বৈশাখের প্রথম প্রহর থেকেই।
পয়লা বৈশাখ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
দিনের আয়োজনের মধ্যে অন্যতম রমনার বটতলায় ছায়ানটের প্রভাতি গানের অনুষ্ঠান। ‘শান্তি মানবতা ও মানুষের অধিকার’ শিরোনামে এই গানের অনুষ্ঠান শুরু হবে ভোর ৬টা ১৫ মিনিটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে সকালে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বর ঘুরে চারুকলার সামনে এসে শেষ হবে।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সকাল আটটায় কলাভবনের সামনের বটতলায় হবে বাংলা গানের আসর। সকাল ১০টায় নাট মণ্ডল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে থাকছে পরিবেশনা। বাংলা বিভাগের প্রযোজনায় সন্ধ্যা ছয়টায় কলাভবনের সামনে অনুষ্ঠিত হবে সেলিম আল দীন-এর চিত্তনখোলা।
বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে সাতটায়। এর মধ্যে থাকছে একক বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত ছড়া-কবিতা পাঠ। এ ছাড়া বিসিকের সঙ্গে যৌথ উদ্যোগে থাকছে বৈশাখী মেলা।
বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে সকাল আটটায় বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা হবে। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দলের শীর্ষ নেতারা শুভেচ্ছা বিনিময় করবেন।
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সকাল নয়টা থেকে শুরু হবে বর্ষবরণের অনুষ্ঠান। এতে থাকছে নাচ, বাউল গানসহ আরও নানা পরিবেশনা।
উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটায়, বাসাবো বালুর মাঠে। সেখানে থাকছে গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল আটটা থেকে গান-কবিতায় বর্ষবরণ চলবে।
জাতীয় প্রেসক্লাব সদস্যদের জন্য সকাল আটটা ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থা করেছে। এরপর চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনভর ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে সদস্যদের জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেও।
চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনের নাম ‘হাজার কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ ও বৈশাখী মেলা’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের শুরু হবে সূর্যোদয় থেকে।
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার দিনভর আয়োজনের মধ্যে রয়েছে আলোচনাচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন ও পিঠামেলা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করেছে।
ঢাকা মহানগর দোকান মালিক সমিতি নিউ এ্যালিফেন্ট রোডে সকাল নয়টায় পান্তা-ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
সারগাম ললিতকলা একাডেমির গানের আসর ‘এসো হে বৈশাখ’ বসছে সকাল আটটায়, ধানমন্ডি লেকের পাড়ে।
নববর্ষের দিনটি একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীরও দিন। তাই এই দিনে চ্যানেলটির রয়েছে নানা আয়োজন।
দিনভর নানা আনন্দ আয়োজনের মাধ্যমে পয়লা বৈশাখকে যারা উদ্যাপনে অন্য মাত্রা দিতে উদ্যোগ নিয়েছে, এদের মধ্যে আরও আছে নর্থসাউথ ইউনিভার্সিটি, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, বাংলাদেশ নাগরিক সমাজ ফাউন্ডেশন, বাংলাদেশ শিল্প ও উন্নয়ন পরিষদ, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ।